পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৮ মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল সুইডেনের গুটেনবার্গে শিল্প সংক্রান্ত ইউরোপীয়ান রাউন্ড টেবিল (ইআরটি) – এ ভাষণ দেন। উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়ন এবং ইউরোপের শিল্প জগতের কুশিলবরা। ভারতের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিরাও ছিলেন সেখানে। এর আয়োজন করে ভলভো গ্রুপ।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কৌশলগত দিক থেকে ইউরোপ এবং ভারতের ক্রমবর্ধমান সহযোগিতার কথা তুলে ধরেন। সারা বিশ্বে অস্থিরতার মধ্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁর মন্তব্য।
প্রধানমন্ত্রী বলেন, ভারত – ইইউ সম্পর্কের ধারাবাহিক প্রসার অত্যন্ত ইতিবাচক বিষয় এবং পারস্পরিক মুক্ত বাণিজ্য চুক্তির সম্পাদন এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এরফলে, বাণিজ্য, প্রযুক্তি, পরিষেবা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে বলে তিনি আশাবাদী। ভারত – মধ্যপ্রাচ্য – ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি) দ্বিপাক্ষিক বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলে তিনি উল্লেখ করেন।
বিভিন্ন ক্ষেত্রে সরবরাহ-শৃঙ্খলকে আরও জোরদার করতে ভারত ও ইউরোপের একযোগে কাজ করা উচিৎ বলে প্রধানমন্ত্রী মনে করেন। ভারতে পরিকাঠামো এবং জ্বালানী ক্ষেত্রে সংস্কারের ফলে তৈরি হওয়া সুযোগ সদ্ব্যবহারের জন্য তিনি ইউরোপীয় পক্ষকে আমন্ত্রণ জানান। টেলিযোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, সেমিকন্ডাক্টর, পরিবেশ-বান্ধব শক্তি, স্বাস্থ্য পরিচর্যা প্রভৃতি বিষয়ে সহযোগিতা প্রসারের বিরাট সম্ভাবনা রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। মানবসম্পদের উপযুক্ত প্রয়োগের বিষয়েও দ্বিপাক্ষিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে উল্লেখ করেছেন শ্রী মোদী।
এই ধরনের বৈঠকের আয়োজন বার্ষিক ভিত্তিতে হওয়া উচিৎ বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
SC/AC/SB…
My remarks during the CEO Roundtable in Sweden. We are committed to boosting business ties between our nations. https://t.co/LMY6itZufK
— Narendra Modi (@narendramodi) May 17, 2026