Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সেশেলসের ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন সম্মানে ভূষিত

প্রধানমন্ত্রী সেশেলসের ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন সম্মানে ভূষিত


নতুন দিল্লি, ২৮ জুন ২০২৬

 

 

আজ এক বিশেষ অনুষ্ঠানে সেশেলসের রাষ্ট্রপতি ড. প্যাট্রিক হার্মিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ নামক এক বিশেষ রাষ্ট্রপতির সম্মাননায় ভূষিত করেছেন। পরিবেশ-বান্ধব নেতৃত্ব, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় প্রচেষ্টা এবং ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হলো। এই বিশেষ সম্মাননাটি এই প্রথমবার প্রদান করা হলো।

 

প্রধানমন্ত্রী এই সম্মাননাটি সেইসব দেশের উদ্দেশে উৎসর্গ করেছেন যারা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের এই সময়ে প্রাপ্ত এই স্বীকৃতি তাদের বিশেষ বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সম্মাননা একটি সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের অঙ্গীকারকে স্বীকৃতি দেয়; যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মিশন লাইফ, এক পেড় মা কে নাম, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স-এর মতো উদ্যোগসমূহ। টেকসই উন্নয়নের প্রসারে প্রধানমন্ত্রীর অবদানের জন্য প্রাপ্ত সম্মাননাগুলোর মধ্যে এটি সর্বশেষ সংযোজন; এর আগে তিনি এফএও-এর ‘অ্যাগ্রিকোলা মেডেল’, ‘সিউল পিস প্রাইজ’ এবং জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

এই সম্মাননাটি ভারত মহাসাগরীয় অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত পদক্ষেপ, টেকসই উন্নয়ন উদ্যোগ এবং অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ও বিশ্বস্ত অংশীদার হিসেবে ভূমিকার ওপর সেশেলসের গুরুত্ব আরোপের বিষয়টিকেই তুলে ধরে। 

 

 

SC/SB/AS