Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফিকি-র বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফিকি-র বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। ফিকি-র শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অতীতে তিনি একাধিকবার ফিকি-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তবে এবারের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বাণিজ্য সংগঠনটি ১০০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ এক শতাব্দী ধরে সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে সতর্ক ও সচেতন থেকে এবং ভারতের অর্থনৈতিক অগ্রগতির যাত্রায় ফিকি-র ভূমিকার কথা তুলে ধরেন তিনি। 

 

গত এক শতাব্দীতে ভারতের অর্থনৈতিক অগ্রগতির গতিপথের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ১২ বছরে দেশের নাগরিক, যুবসমাজ, কৃষক, শ্রমিক এবং শিল্পক্ষেত্রের সম্মিলিত কঠোর পরিশ্রমের ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। 

 

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন তিনি, যেখানে বলা হয়েছে যে মাত্র ১২ থেকে ১৩ বছরে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যকে জয় করেছেন। তিনি বলেন, এই মাইলফলক রাষ্ট্রকে গর্বিত করেছে। 

 

বিগত ১২ থেকে ১৩ বছরে সঠিক নীতি ও সদিচ্ছার মাধ্যমে ৫০ কোটি মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী ভারতের বর্তমান যাত্রাপথের গতিপ্রকৃতি নিয়ে বলেন, ভারত আজ সঠিক পথে এগিয়ে চলেছে এবং এর মধ্যেই নিহিত রয়েছে দেশের সাফল্যের নিশ্চয়তা।”

 

বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতি হিসেবে ভারতের অবস্থান বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বৃদ্ধির হার প্রায় সাত শতাংশ। অক্টোবরে প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানির রেকর্ড গড়ার বিষয়টিও তুলে ধরে প্রধানমন্ত্রী। এই ধরনের সাফল্যে বৈশ্বিক সংস্থাগুলো ভারতের বৃদ্ধির পূর্বাভাসকে ঊর্ধ্বমুখী দেখিয়েছে। শ্রী মোদী বলেন, মুডিস রেটিংস, এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস, ফিচ রেটিংস, বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক — এরা সকলেই বৃদ্ধির পূর্বাভাসকে ঊর্ধ্বমুখী দেখিয়েছে।

 

প্রাচীন শাস্ত্রের শ্লোক ‘উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাধয়েৎ’-এর উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি, শিল্পক্ষেত্র এবং রাষ্ট্র — কাউকেই কেবল প্রচলিত ক্ষেত্র বা স্বল্পমেয়াদী লাভের ওপর নির্ভর করে থাকলে চলবে না, বরং নিয়মিত আত্ম-পর্যালোচনার মাধ্যমে উত্তরণ ঘটাতে হবে। তিনি ফিকি-কে তাদের শতবর্ষের অর্জনের গণ্ডি পেরিয়ে আগামী ২০ বছরের জন্য পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। বর্তমান বিশ্বে যখন বিভিন্ন সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে, তখন ভারতীয় শিল্পক্ষেত্রের উচিত আত্মনির্ভরশীলতাকে আরও শক্তিশালী করা এবং ব্যবসার নতুন বিকাশের পথকে উন্মোচন করা। 

 

তিনি বলেন, ভারত যদিও ‘বিশ্বের ফার্মাসি’ হিসেবে পরিচিত এবং প্রস্তুতকৃত ওষুধ উৎপাদনে অত্যন্ত দক্ষ, তবুও আমাদের দেশ এখনও নানা ক্ষেত্রে বিলিয়ন ডলার মূল্যের এপিআই, বাল্ক ড্রাগ এবং ওষুধের মধ্যবর্তী উপাদান আমদানি করে। তিনি ওষুধ শিল্পকে দেশের ভেতরেই উৎপাদনের সুযোগগুলো চিহ্নিত করার আহ্বান জানান। পাশাপাশি, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে নতুন প্রযুক্তি ও বড় আকারের উৎপাদন কারখানায় বিনিয়োগের ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, প্রস্তুতকৃত ওষুধের ক্ষেত্রে আমাদের সক্ষমতা রয়েছে। এখন আমাদের ওষুধের প্রয়োজনীয় উপাদান বা উপকরণের ক্ষেত্রেও সক্ষমতা গড়ে তুলতে হবে।

 

একইভাবে লোহা, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঘাটতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারত হাজার হাজার কোটি টাকার আকরিক লোহা রপ্তানি করে। তবুও আমাদের বক্সাইটের বিশাল মজুদ থাকা সত্ত্বেও, ভারতকে এখনও প্রস্তুতকৃত ইস্পাত, বিশেষ অ্যালুমিনিয়াম অ্যালয় এবং অন্যান্য পণ্য আমদানি করতে হয়। শিল্পক্ষেত্রকে তিনি আহ্বান জানান তারা যাতে আমদানিকৃত পণ্যের ধরনগুলো চিহ্নিত করে, উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করে এবং খনিজ সম্পদ-ভিত্তিক সামগ্রিক মূল্য শৃঙ্খলে দক্ষতা গড়ে তোলে। তাহলেই দেশ এই পণ্যগুলো উৎপাদনে সক্ষমতা গড়ে তুলতে পারবে।”

 

তিনি আরও বলেন যে ভারত বিরাট দেশ হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী কৃষি রপ্তানিতে অবদান মাত্র ২ থেকে ২.৫ শতাংশ। তবে বিগত ১২ বছরে কৃষি-খাদ্য রপ্তানির ক্ষেত্রে প্রক্রিয়াজাত খাদ্যের অংশ ১৩ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশেরও বেশি হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি শিল্পমহলকে বিশ্ব চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে একটি যৌথ কৌশল প্রণয়ন, কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি এবং বিদেশি বাজারের জন্য নির্ভরযোগ্য পণ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে এবং একে মূল্য সংযোজন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখতে হবে।

 

প্রধানমন্ত্রী দৈনন্দিন ইঞ্জিনিয়ারিং পণ্যের ক্ষেত্রে বর্তমানে অব্যবহৃত সম্ভাবনার প্রতিও আলোকপাত করেন। বিশ্ববাজারে হস্তচালিত সরঞ্জাম ও যন্ত্রচালিত সরঞ্জাম রপ্তানিতে ভারতের অংশ এখনো বেশ কম। এছাড়া উন্নয়নশীল দেশ ও গ্লোবাল সাউথ-এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রেও প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বড় কোম্পানিগুলিকে ছোট উদ্যোগগুলির মানসম্মত উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করার আহ্বান জানান। প্যাকেজিং সরঞ্জাম, সেচ ব্যবস্থা ও কারখানার যন্ত্রপাতির বাজার অন্বেষণেরও পরামর্শ দেন। শ্রী মোদী বলেন, বিশ্ববাজারে উপস্থিতি বাড়াতে আমাদের এই ক্ষেত্রে কাজ করতে হবে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, শিল্পক্ষেত্র, সম্পদ সৃষ্টিকারী এবং করদাতাদের যথাযথ সম্মান প্রদানের মাধ্যমেই একটি রাষ্ট্র এগিয়ে যায়। তিনি ব্যবসা-বান্ধব ও করদাতা-বান্ধব বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরেন। 

 

প্রধানমন্ত্রী শিল্পমহলকে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলো এবং ‘রিফর্ম এক্সপ্রেস’-এর সুযোগ কাজে লাগিয়ে ১৪০ কোটির বিশাল অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশি বাজারেও নিজেদের অবস্থান শক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের দরজা যেকোনো পরামর্শের জন্য সবসময় খোলা। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের বিশ্ববাজারের গ্রাহকদের চাহিদা বোঝা, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা এবং শক্তিশালী বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগ করার পরামর্শ দেন। অবশেষে অংশগ্রহণকারীদের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন। 

https://x.com/narendramodi/status/2123292486445814136?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2123292486445814136%7Ctwgr%5Ed882b6f9968413968729cb24a0dca35f6fad96fd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2338333reg%3D48lang%3D2

 

https://x.com/PMOIndia/status/2123294216084455553?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2123294216084455553%7Ctwgr%5Ed882b6f9968413968729cb24a0dca35f6fad96fd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2338333reg%3D48lang%3D2

https://x.com/PMOIndia/status/2123295664742547762?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2123295664742547762%7Ctwgr%5Ed882b6f9968413968729cb24a0dca35f6fad96fd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2338333reg%3D48lang%3D2

https://x.com/PMOIndia/status/2123296132084478271?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2123296132084478271%7Ctwgr%5Ed882b6f9968413968729cb24a0dca35f6fad96fd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2338333reg%3D48lang%3D2

 

 

SC/AB/DM