Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খড়গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খড়গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন


নতুন দিল্লি, ২১ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে খড়গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সামনে এমন এক প্রতিভাবান, উচ্চাকাঙ্খী প্রজন্ম উপস্থিত রয়েছেন, যাঁরা ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত এক প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তির আয়োজনে সামিল হয়েছেন এবং এই প্রতিষ্ঠানের ঐতিহ্যকে উদযাপন করছেন। খড়গপুর আইআইটি গত ৭৫ বছর ধরে বহু মাইলফলক অতিক্রম করেছে। এই প্রতিষ্ঠান দেখেছে ভারতে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের পরিবর্তন, ডাকযোগে পাঠানো চিঠি থেকে সমাজিক মাধ্যমে পাঠানো বার্তা। দেশের প্রথম আইআইটি হওয়ার সুবাদে এই প্রতিষ্ঠান ভারতের সব পরিবর্তনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। “আমি খড়গপুর আইআইটি-র প্রতিটি ছাত্র, ফ্যাকালটির সদস্য, কর্মীবৃন্দ এবং প্রাক্তনীদের আন্তরিক অভিনন্দন জানাই।”  

 

প্রধানমন্ত্রী বলেছেন, ক্যাম্পাস জীবনের কিছু কিছু ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকে। কয়েক দশক পরেও অনেক প্রাক্তনী ক্যাম্পাস জীবনে চা খাওয়ার সময় যে আলোচনা হতো সেগুলির স্মৃতিচারণ করেন। খড়গপুর আইআইটি-র হলগুলি সম্পর্কে প্রতিটি ছাত্র-ছাত্রী গর্ববোধ করে থাকেন। সম্প্রতি দীপাবলি উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী বলেন, তিনি জানতে পেরেছেন খড়গপুর আইআইটি-তে অভিনব পন্থায় দীপাবলি উদযাপন করা হয়। কীভাবে নিজের হলকে বিশেষভাবে আলোকিত করা হবে, তা নিয়ে বিভিন্ন হলের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি জানতে চান, “এই বছর এই প্রতিযোগিতায় কোন হল বিজয়ী হয়েছে?”

 

শ্রী মোদী বলেন, বাংলা নতুন নতুন চিন্তা-ভাবনার জন্ম দেয় এবং এই চিন্তা-ভাবনার সাহায্যে জাতীয় আন্দোলন তৈরি হয়। আজ যেখানে আইআইটি খড়গপুর অবস্থিত, সেই জায়গায় বহু বছর আগে স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখার জন্য ডিটেনশন ক্যাম্প ছিল। অর্থাৎ এই খানে সেই অদম্য সাহসী ভারতীয়রা থাকতেন, যাঁরা স্বরাজের দাবি জানাতেন এবং ভারত একদিন জগৎসভায় শ্রেষ্ঠ হবে—সেই স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী বলেন, এই একই ক্যাম্পাসে আজ যুবসম্প্রদায় উদ্ভাবন এবং নতুন নতুন চিন্তা-ভাবনা নিয়ে কাজ করছেন, যা আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম শক্তি। অর্থাৎ অতীতে যে জায়গায় স্বাধীনতার স্বপ্ন দেখা হতো, আর আজ সেখানে আত্মনির্ভর হয়ে ওঠার সংকল্প পূরণ এবং ভবিষ্যৎ গড়ার সুযোগের অপেক্ষায় রয়েছে বহু যুবক-যুবতী। “উচ্চাকাঙ্খার এই যাত্রাপথেই স্বনির্ভর হওয়া সম্ভব, যা আসলে বিকশিত ভারত গড়ার প্রকৃত শক্তির উৎস।” 

 

প্রধানমন্ত্রী বলেন, খড়গপুর আইআইটি যখন স্বাধীন ভারতে প্রতিষ্ঠিত হয়, তখন দেশের প্রথম সাধারণ নির্বাচনও হয়নি। সেই সময় দেশের শিল্প ও পরিকাঠামো নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল। বর্তমানে ভারতে বিজ্ঞান নিয়ে কাজের দক্ষতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এদেশের স্নাতকরা মহাকাশ ও পারমাণবিক শক্তির উন্নতিতে কাজ করেছেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব অর্থনীতিতে তাঁরা ভারতের সফটওয়্যার শিল্পকে শক্তিশালী করেছেন এবং পৃথিবীর বড় বড় সংস্থাগুলিকে নেতৃত্ব দিয়েছেন। এই প্রতিষ্ঠান প্রতিটি যুগে দেশ গড়ার দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করেছে। রাষ্ট্রের উন্নয়ন ও নানা ধরনের উদ্ভাবনমূলক কাজে গত ৭৫ বছরে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় দেশ বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে। ছাত্র-ছাত্রীদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান, “আজকের উচ্চাকাঙ্খী ভারতের প্রতিটি চাহিদা পূরণে আপনারা যে সক্রিয় থাকবেন, সেই আস্থা আমার রয়েছে।” 

 

প্রধানমন্ত্রী বলেন, যে কোন ব্যক্তির দক্ষতা নির্ধারিত হয় তিনি কীভাবে বিভিন্ন বাধাকে অতিক্রম করার সাহস দেখাচ্ছেন। দ্রুত পেছনের সারিতে বসে যাঁরা আত্মসন্তুষ্টিতে ভোগেন তাঁদের দক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়। মানুষ অনেক সময় তার নিজের চিন্তা-ভাবনাতেই পিছিয়ে থাকেন, তারা বড় স্বপ্ন দেখতে পারেন না, তাদের প্রতিভাকে বেশি প্রসারিত হতে দেন না, তাদের ভাবনা-চিন্তাও সীমাবদ্ধ রাখেন। তারা মনে করেন দেশের ক্ষমতাও সীমিত। “আমরা মনে করি আমাদের চিন্তা-ভাবনার সীমাবদ্ধতা বিশ্বজোড়া হওয়া প্রয়োজন।”

 

শ্রী মোদী বলেন, যখন কেউ তার ভাবনা-চিন্তার সীমাবদ্ধতাকে ভেঙে ফেলতে পারেন, তখন দেশ তাদের ক্ষমতাকে স্বীকৃতি দেয়। সাম্প্রতিক বছরগুলিতে ভারত তার ক্ষমতা প্রদর্শন করেছে। “ভারত জোর গলায় বলেছে : বেড়াজাল ভেঙে ফেলো, সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগাও।”

 

প্রধানমন্ত্রী বলেছেন, গত ১২ বছর ধরে সরকারের মানসিকতা পরিবর্তন হওয়ায় দেশের দরিদ্র মানুষ আরও ক্ষমতায়িত ও শক্তিশালী হয়েছেন। তাদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের ফলে জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে, যার সুফল আজ পাওয়া যাচ্ছে। বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২-১৩ বছরে এই দেশের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্রের নাগপাশ থেকে নিজেকে মুক্ত করেছেন। তিনি এই অর্জনের তাৎপর্য ব্যাখ্যা করেন। “এটা কোন ছোটখাটো পরিবর্তন নয়; এটি সেই মানসিকতার ফল -যা বলে: বেড়াজাল ভেঙে ফেলো। ” 

শ্রী মোদী সেমিকন্ডাক্টর মিশনকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, যখন এই প্রকল্পের সূচনা হয়, তখন অনেক রকমের প্রশ্ন উঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন বহু দেশ গত ৫০ বছর ধরে সেমিকন্ডাক্টর তৈরি করছে, তাহলে ভারত এই প্রকল্প থেকে কী অর্জন করবে। “তাই যখন আমি সেমিকন্ডাক্টর মিশন সম্পর্কে বলা শুরু করেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল বড্ড দেরি হয়ে গেছে।”

 

শ্রী মোদী বলেন, তিনি তাঁর সংকল্পে দৃঢ় ছিলেন। সেই সময় তিনি প্রশ্ন তোলেন, দেরি হয়ে যাওয়ার কারণে এখন কি ভারতকে হাতজোড় করে বসে থাকতে হবে। সেই সময় তিনি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন আধিকারিককে নিয়ে পরিকল্পনা তৈরি করেন। আর আজ চার বছরের মধ্যে দেশজুড়ে বহু সেমিকন্ডাক্টর শিল্প গড়ে উঠেছে। ভারত বর্তমানে চিপ রপ্তানী করছে। আর এই ধরনের বহু প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন খড়গপুর আইআইটি-র প্রাক্তনীরা। “একবার ভাবুন আমরা যদি মেনে নিতাম যা হওয়ার হয়ে গেছে, সেমিকন্ডাক্টর নিয়ে নতুন কিছু ভাবনার নেই, তাহলে কিছুই আর হতো না।”

 

প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ ক্ষেত্র আর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অতীতে ভারতের মহাকাশ কর্মসূচি ইসরোর সঙ্গে আবর্তিত হতো। সেই সময় পুরো প্রক্রিয়াটি নির্দিষ্ট একটি আবর্তে রুদ্ধ ছিল। প্রতিটি মিশন তার নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে আটকে থাকতো। এর ফলে ইসরোর বাইরে থাকা তরুণ প্রতিভারা খুব একটা সুযোগ পেতেন না। শ্রী মোদী বলেন, তিনি সংশ্লিষ্ট মন্ত্রককে বলেছিলেন, ভারতের মহাকাশ ক্ষেত্রকে যুবসম্প্রদায়ের কাছে উন্মুক্ত করতে হবে, যাতে তরুণ উদ্ভাবকরা নতুন নতুন সুযোগ পান। এই প্রসঙ্গে তিনি খড়গপুর আইআইটি-র প্রাক্তনী পবনের কথা উল্লেখ করেন। পবন ‘স্কাইরুট অ্যারোস্পেস’ নামে একটি সংস্থা গড়ে তোলেন। এই সংস্থা প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণ করে। আজ ভারতের মহাকাশ কর্মসূচিতে বিভিন্ন স্টার্টআপ সংস্থা গতি এনেছে। একসময়ে যা অসম্ভব বলে ভাবা হতো, তা আজ বাস্তবে পরিণত হয়েছে। “আমি আপনাদের বলতে পারি, আপনারা আপনাদের প্রাক্তনীদের সম্পর্কে গর্ববোধ করতে পারেন, তাঁরা এই অসম্ভবকে সম্ভব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

 

শ্রী মোদী বলেছেন, দেশ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। আগামী দুই দশক তাদের জীবনের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই সময়কালটি ভারতের উন্নয়নে নির্ণায়ক ভূমিকা পালন করবে। এই সব ছাত্র-ছাত্রীরা অনেকই ২০৪৭ সালে নেতৃত্বদানের অবস্থায় থাকবেন, ফলে তাদের প্রত্যেকের সাফল্য দেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন সমস্যার মোকাবিলায় কীভাবে তারা ভূমিকা রাখতে পারেন, তার জন্য ভাবনা-চিন্তা করতে তিনি তাদের আহ্বান জানান। বিভিন্ন সমস্যার সমাধানে ‘দেশই প্রথম’ এই মন্ত্র অনুসরণ করতে হবে। “যখন আপনারা এই ভাবনায় এগিয়ে যাবেন, তখন নিশ্চিতভাবেই বড় বড় সুযোগ আপনাদের সামনে আসবে, দেশও যার থেকে প্রভূত লাভবান হবে।”

 

শ্রী মোদী গত ৭৫ বছরে এই প্রতিষ্ঠানের বিভিন্ন উল্লেখযোগ্য কাজের প্রশংসা করেন। বিকশিত ভারতে এই প্রতিষ্ঠানের শতবার্ষিকী উদযাপনের সময় ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষণের শেষে প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাণী উল্লেখ করেন : ‘ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছোনো পর্যন্ত থেমো না।’। 

 

 

 

SC/CB/AS