নয়াদিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নেপালের প্রধানমন্ত্রী মাননীয় বালেন্দ্র শাহ ২২ ও ২৩ নভেম্বর ভারত সফর করেন। নতুন দিল্লিতে দুই প্রধানমন্ত্রী আন্তরিক ও অর্থবহ আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক পর্যালোচনা করেন।
উভয় নেতা স্বীকার করেন যে, ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বর্তমানে একটি বহুমুখী অংশীদারিত্বে পরিণত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার নীতির পাশাপাশি, দুই দেশের মানুষের মধ্যে গভীর সংযোগই এই অংশীদারিত্বকে শক্তিশালী করে তুলেছে।
আগস্ট ২০২৬-এ রাসুওয়া-ত্রিশূলী অববাহিকা ও অন্যান্য অঞ্চলে বন্যা এবং ভূমিধসের ঘটনায় ভারত যে দ্রুত মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠিয়ে সাহায্য করেছে, তার জন্য নেপাল কৃতজ্ঞতা প্রকাশ করে। নেপালের পুনর্গঠন প্রচেষ্টায় আরও সহায়তা প্রদানের বিষয়ে উভয় নেতা আলোচনা চালিয়ে যেতে সম্মত হন।
দুই নেতা একমত হন যে, দ্বিপাক্ষিক অংশীদারিত্বে সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতার প্রতিফলন থাকা উচিত। এটি একটি আইনি কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে ওঠা প্রয়োজন, যেখানে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ১৯৫০ সালের ‘শান্তি ও মৈত্রী চুক্তি’সহ বর্তমান দ্বিপাক্ষিক চুক্তিগুলি পর্যালোচনা করা যেতে পারে। জলসম্পদ, জ্বালানি, বাণিজ্য ও শিল্প এবং সীমান্ত সংক্রান্ত বিষয়সহ অমীমাংসিত সব সমস্যা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
ভারত-নেপাল সম্পর্ককে একটি আধুনিক ও ফলাফলমুখী অংশীদারিত্বে রূপান্তর করার লক্ষ্যে,
উভয় নেতা এই ‘যৌথ রূপকল্প’ গ্রহণ করেন।
এই রূপরেখাটি নিম্নোক্ত দশটি স্তম্ভের ওপর ভিত্তি করে গঠিত:
১. সামগ্রিক অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব
ভারতের জাতীয় লক্ষ্য ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং নেপালের জাতীয় আকাঙ্ক্ষা ‘সমুন্নত নেপাল’ – এর মধ্যে অনেকগুলি পরিপূরক দিক রয়েছে। এগুলিকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করা সম্ভব। এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হল:
i. উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বর্তমান কাঠামো বা চুক্তিগুলি পর্যালোচনা করা, যাতে একটি অধিকতর সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা সহজতর হয়।
ii. উন্নত প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন ট্রানজিট সংযোগ ও আকাশপথ উন্মুক্ত করা।
iii. ভারত-নেপাল সীমান্তের কাছাকাছি রপ্তানিমুখী উৎপাদন শিল্পের জন্য আন্তঃসীমান্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা পার্ক স্থাপনে সহযোগিতা করা, যাতে উৎপাদন ও অন্যান্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সরবরাহ শৃঙ্খলের সাথে সংযোগ তৈরি হয়; পাশাপাশি তথ্যপ্রযুক্তি পার্ক উন্নয়নেও সহযোগিতা করা।
iv. নেপালের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে ভারতীয় বিনিয়োগকে উৎসাহিত করা; এক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ সহজতর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
v. ভারত নেপালকে ১৫,০০০ কোটি ভারতীয় টাকা (২৪,০০০ কোটি নেপালি রুপি) উন্নয়ন সহায়তা প্রদান করবে। এর মধ্যে ৩,৫০০ কোটি ভারতীয় টাকা (৫,৬০০ কোটি নেপালি রুপি) অনুদান হিসেবে দেওয়া হবে, যা দুর্যোগ-পরবর্তী পুনর্নির্মাণ এবং নতুন পরিকাঠামো প্রকল্পের জন্য ব্যবহৃত হবে। এছাড়া, জ্বালানি ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের জন্য ১১,৫০০ কোটি ভারতীয় টাকা (১৮,৪০০ কোটি নেপালি রুপি) মূল্যের ‘লাইন অফ ক্রেডিট’ (ঋণ সুবিধা) প্রদান করা হবে। সুনির্দিষ্ট প্রকল্পগুলি এবং এই উন্নয়ন সহায়তা প্রদানের পদ্ধতি উভয় পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
II. ভৌত ও ডিজিটাল সংযোগ:
অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করা এবং মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে যোগাযোগ একটি প্রধান অনুঘটক। এই ক্ষেত্রে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিস্বরূপ, উভয় নেতাই অযোধ্যা (ভারত) ও জনকপুর (নেপাল)-এর মধ্যে সরাসরি এক্সপ্রেস রেল পরিষেবা চালু হওয়াকে এবং ধারচুলা (ভারত) ও দারচুলা (নেপাল)-এর মাঝে মহাকালী নদীর ওপর মোটরযান চলাচলের উপযোগী সেতু নির্মাণের বিষয়টিকে স্বাগত জানান। তাঁরা আরও সম্মত হয়েছেন যে:
i. ভৈরহওয়া (নেপাল) ও সুনৌলি (ভারত)-য় চলতে থাকা সমন্বিত চেকপোস্ট (আইসিপি) নির্মাণের কাজ এবং বনবাসা (ভারত) ও দোধারা চান্দানি (নেপাল)-তে নতুন সমন্বিত চেকপোস্ট নির্মাণের কাজ ত্বরান্বিত করা হবে।
ii. জয়নগর-বরদিবাস এবং যোগবানি-বিরাটনগর রেললাইনের শেষ অংশগুলির কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
iii. রক্সৌল-কাঠমান্ডু রেল সংযোগের চূড়ান্ত অবস্থান সমীক্ষা সম্পন্ন হওয়াকে স্বাগত জানিয়ে উভয় পক্ষ নেপালে পূর্ব-পশ্চিম রেল সংযোগ উন্নয়নের বিষয়ে সহযোগিতা করতে সম্মত হয়েছে। এর লক্ষ্য হল, ভারত ও নেপালের মধ্যে একটি আন্তঃকার্যক্ষম রেল নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে বরদিবাস-নিজগড় অংশ এবং বীরগঞ্জ-নিজগড় সংযোগকে অগ্রাধিকার দেওয়া হবে।
iv. নতুন মোটরযান চলাচলের উপযোগী সেতু ও বাণিজ্য পয়েন্ট তৈরির মাধ্যমে ভারত ও নেপালের মধ্যে সড়ক সংযোগ আরও উন্নত করা হবে।
v. আন্তঃসীমান্ত পেট্রোলিয়াম সরবরাহ পরিকাঠামো জোরদার করা হবে; যার মধ্যে শিলিগুড়ি (ভারত) ও ঝাপা (নেপাল)-কে যুক্তকারী একটি নতুন পাইপলাইন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, ভারত ও নেপালের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপনের সম্ভাবনা নিয়েও পর্যালোচনা করা হবে।
vi. ভারতের ইউপিআই-এর সঙ্গে নেপালের জাতীয় পেমেন্ট সিস্টেমের সংযোগকে ভিত্তি করে, উভয় পক্ষ আন্তঃসীমান্ত খুচরা পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয়েছে।
vii. সমন্বিত পরিকাঠামো পরিকল্পনা ও সংযোগের ক্ষেত্রে সহযোগিতা করা হবে, যেমন – ‘পিএম গতি শক্তি’র মতো প্ল্যাটফর্মের মাধ্যমে। নেপাল চাইলে তাদের নিজস্ব আঞ্চলিক ও উন্নয়ন অগ্রাধিকার অনুযায়ী এই মডেলটি গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে।
viii. ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমান্তকে উন্মুক্ত, নিরাপদ ও সুনিয়ন্ত্রিত রাখা হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করা হবে।
III. জ্বালানি, জলসম্পদ এবং জলবায়ু সহনশীলতা:
জ্বালানি, জলসম্পদ এবং জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে ভারত ও নেপালের মধ্যে সহযোগিতা আরও গভীর করার বিপুল সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে উভয় পক্ষ প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করতে, পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বকে উৎসাহিত করতে এবং সুস্থায়ী, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে যৌথ প্রচেষ্টাকে এগিয়ে নিতে সম্মত হয়েছে। এই উদ্দেশ্যে:
i. বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত-নেপাল যৌথ ভিশন নথির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত নেপালের জলবিদ্যুৎ ও সংবহন পরিকাঠামোয় আরও বিনিয়োগকে উৎসাহিত করবে। অন্যদিকে, নেপাল এই ধরনের বিনিয়োগের জন্য একটি অনুকূল ও পারস্পরিকভাবে লাভজনক কাঠামো সহ প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারত ও নেপালের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পারস্পরিক সুবিধা ও বাজারের চাহিদার ভিত্তিতে বিদ্যুৎ বাণিজ্য আরও বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখবে।
ii. উভয় পক্ষ জলবিদ্যুৎ ও বহুমুখী প্রকল্পগুলির (যার মধ্যে পঞ্চেশ্বর, সপ্তকোশী ও সুনকোশী বহুমুখী প্রকল্প অন্তর্ভুক্ত) বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করবে, যাতে পারস্পরিক সুবিধার্থে জলসম্পদকে কাজে লাগানো যায় এবং বন্যার কারণে সৃষ্ট প্রতিকূল প্রভাবগুলি প্রশমিত করা সম্ভব হয়।
iii. জীবন, জীবিকা ও পরিকাঠামো রক্ষার লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কবার্তা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারের ক্ষেত্রে উভয় পক্ষ একটি সক্রিয় অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত হয়েছে।
iv. দুই পক্ষ জল-আবহাওয়া সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে উভয় দিকে আদান-প্রদান, হিমবাহ হ্রদ পর্যবেক্ষণ এবং আগাম সতর্কবার্তা প্রদানের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্মত হয়েছে। এছাড়া, উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে যৌথ মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (এইচএডিআর) মহড়া, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং মানবিক সহায়তার মাধ্যমে সহযোগিতা জোরদার করতে দুই দেশ একমত হয়েছে।
v. উভয় পক্ষ আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ-সহনশীল পরিকাঠামোর জন্য জোট, আইসিআইএমওডি এবং আন্তর্জাতিক বিগ ক্যাট জোটের মত বহুপক্ষীয় সংস্থাগুলির কাঠামোর মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
vi. উভয় পক্ষ সৌরশক্তি থেকে শুরু করে ভূ-গর্ভস্থ উৎস সহ বিভিন্ন বিকল্প জ্বালানি উৎস উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে; যার মধ্যে নেপালে ‘গ্রিন হাইড্রোজেন’ বিষয়ক একটি পাইলট প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
vii. নেপালের তরুণ পেশাজীবী, আধিকারিক ও বিশেষজ্ঞদের পরিবেশ-সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে, যেমন নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানদণ্ড নির্ধারণ, বনজ সম্পদ, মানচিত্রায়ন এবং জলবায়ু-সহনশীল কৃষি
প্রশিক্ষণ প্রদানে ভারত সহায়তা করবে।
viii. এছাড়া, জলাশয়গুলির পুনরুজ্জীবন এবং ভূ-গর্ভস্থ জলের দূষণ রোধের ক্ষেত্রেও ভারত তার দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবে।
IV. সুশাসন:
সুশাসনের ক্ষেত্রে নেপালের অগ্রাধিকারগুলির সঙ্গে ভারতের গৃহীত পদ্ধতির বেশ মিল রয়েছে; বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সুবিধাজনক ও কার্যকর করে তোলার ক্ষেত্রে। এই লক্ষ্য অর্জনে:
i. ডিজিটাল সার্বভৌমত্ব ও তথ্য সুরক্ষার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিগুলির সাথে সামঞ্জস্য রেখে ‘ডিজিটাল নেপাল ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নের সুবিধার্থে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ব্যবস্থা এবং ই-গভর্ন্যান্সের মতো ডিজিটাল গণ-পরিকাঠামোর ক্ষেত্রে কারিগরি দক্ষতা ও সর্বোত্তম অনুশীলনগুলি বিনিময় করা হবে।
ii. ‘ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স’-এর মাধ্যমে নেপালি সরকারি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
iii. উভয় পক্ষ জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের আইনসভাগুলির মধ্যে অভিজ্ঞতা এবং সর্বোত্তম কার্যপদ্ধতি বিনিময় করবে।
iv. ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলিতে পারস্পরিক সফর ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় শাসন ব্যবস্থায় সহযোগিতা জোরদার করা হবে।
V. প্রযুক্তি, মহাকাশ ও উদ্ভাবন:
প্রযুক্তির অধিকতর গ্রহণ ও ব্যবহারকে উৎসাহিত করতে, নেপালকে একটি প্রযুক্তি হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে এবং এসব ক্ষেত্রে ভারতের সক্ষমতাকে বিবেচনায় নিয়ে ভারত-নেপাল অংশীদারিত্বের আওতায় নিম্নোক্ত উদ্যোগগুলি গ্রহণের প্রচেষ্টা চালানো হবে:
i. ‘ইন্ডিয়া-নেপাল স্টার্টআপ পার্টনারশিপ নেটওয়ার্ক’ (IN-SPAN)-এর সম্প্রসারণ; যার মধ্যে রয়েছে ভারতে নেপালি স্টার্টআপগুলির জন্য প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, কাঠমান্ডুতে একটি ‘স্টার্টআপ সেন্টার অফ এক্সিলেন্স’ স্থাপন এবং পোখরায় একটি ‘ডিজিটাল নোম্যাডস অ্যান্ড ইনোভেশন হাব’ গড়ে তোলা।
ii. নেপালে ডিজিটাল পার্ক ও ডেটা সেন্টার গড়ে তোলা, যার জন্য বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হবে।
iii. কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা; যার মধ্যে রয়েছে ‘ভাষিণী’র সঙ্গে যৌথ উদ্যোগে নেপালি ভাষার জন্য একটি ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ তৈরি করা।
iv. মহাকাশ গবেষণার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা; যার আওতায় নেপাল অ্যাকাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনএএসটি) এবং নেপালের সংশ্লিষ্ট সংস্থাগুলি ইসরো ও ইন-স্পেস (IN-SPACe)-এর সঙ্গে যৌথভাবে উপগ্রহ তৈরি, ভূ-পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রিমোট সেন্সিং এবং সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।
v. ৫জি/৬জি’র মতো উদীয়মান টেলিযোগাযোগ প্রযুক্তি এবং অন্যান্য পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।
VI. শিক্ষা ও দক্ষতা উন্নয়ন:
দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব অনুধাবন করে, উভয় দেশ প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন এবং অ্যাকাডেমিক বিনিময়ের ক্ষেত্রে আরও শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর মধ্যে রয়েছে:
i. নেপালে ভারতের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শাখা বা ক্যাম্পাস খোলার বিষয়টি খতিয়ে দেখা হবে, যার শুরুটা হতে পারে একটি আইআইটি প্রতিষ্ঠার মাধ্যমে।
ii. বর্তমানে চালু থাকা অত্যন্ত সফল স্কলারশিপ বা বৃত্তি কর্মসূচিগুলির পাশাপাশি, নেপালি শিক্ষার্থীদের জন্য আইন, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন বিষয়ে বৃত্তি ও প্রশিক্ষণের সুযোগ যুক্ত করা হবে।
iii. অ্যাকাডেমিক ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে শক্তিশালী সহযোগিতার পাশাপাশি শিক্ষক ও বিশেষজ্ঞদের পারস্পরিক বিনিময়কে উৎসাহিত করা হবে এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
iv. নেপালের যুবকদের উৎপাদন, পরিষেবা এবং উদ্যোক্তা তৈরির মত প্রাসঙ্গিক ক্ষেত্রে দক্ষতা ও প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ভারতের সহায়তায় একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা হবে।
VII. ক্রীড়া:
নেপালে ক্রীড়ার প্রসার এবং সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে, তাকে আরও শক্তিশালী করতে ভারত ও নেপাল নিম্নোক্ত প্রধান উদ্যোগগুলিতে একসঙ্গে কাজ করবে:
i. ভারত নেপালে একটি জাতীয় ক্রিকেট কোচিং/প্রশিক্ষণ অ্যাকাডেমি স্থাপনে সহায়তা করবে; পাশাপাশি জাতীয় ও প্রাদেশিক পর্যায়ে ক্রিকেট পরিকাঠামো উন্নয়নেও সহযোগিতা প্রদান করবে।
ii. নেপালের প্রাদেশিক ক্রিকেট দলগুলির খেলোয়াড়দের ভারতে অবস্থিত জাতীয় প্রশিক্ষণ অ্যাকাডেমিগুলিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
iii. ব্যাডমিন্টন, টেনিস, শুটিং এবং অ্যাথলেটিক্সের মতো অন্যান্য খেলার ক্ষেত্রেও অনুরূপ সুযোগ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হবে; এর মধ্যে নেপালে আধুনিক মাল্টি-স্পোর্টস সেন্টার বা বহু-ক্রীড়া কেন্দ্র গড়ে তোলার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
iv. পর্বত-কেন্দ্রিক ক্রীড়া বা মাউন্টেন স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা যাচাই করা হবে, যার মধ্যে যৌথ অভিযাত্রার আয়োজনও অন্তর্ভুক্ত থাকতে পারে।
v. উভয় দেশের সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা/কর্তৃপক্ষকে উৎসাহিত করা হবে, যাতে ভারত ও নেপালের খেলোয়াড়রা একে অপরের ক্রীড়া লিগে (যেমন—ক্রিকেট, ফুটবল ইত্যাদি) অংশগ্রহণের সুযোগ পেতে পারেন।
VIII. সংস্কৃতি ও পর্যটন:
উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি। একে আরও সমৃদ্ধ করতে:
i. ভারত ও নেপাল ধর্মীয় পর্যটন সার্কিট এবং নতুন পর্যটন গন্তব্য গড়ে তোলার ক্ষেত্রে অংশীদার হিসেবে কাজ করবে। এর আওতায় জনকপুর-অযোধ্যা, লুম্বিনি-বোধগয়া-সারনাথ-কুশীনগর এবং কাঠমান্ডু (পশুপতিনাথ)-বারাণসীকে সংযুক্ত করে যথাক্রমে রামায়ণ সার্কিট, বৌদ্ধ সার্কিট ও শিব-শক্তি সার্কিট গড়ে তোলা হবে; এছাড়া ‘সিস্টার-সিটি’ চুক্তির মাধ্যমেও এই কার্যক্রম পরিচালিত হবে।
ii. উভয় দেশ প্রতি বছর পর্যায়ক্রমে নেপাল ও ভারতে একটি ‘যুব সাংস্কৃতিক উৎসব’ আয়োজনে সম্মত হয়েছে। এছাড়া চলচ্চিত্র নির্মাণ, থিয়েটার এবং চারুকলা ক্ষেত্রে শিল্পীদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
iii. নালন্দা বিশ্ববিদ্যালয় এবং লুম্বিনি বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের (এলবিইউ) মধ্যে সহযোগিতা জোরদার করা হবে; এর অংশ হিসেবে এলবিইউ-তে একটি ‘নালন্দা কেন্দ্র’ স্থাপন করা হবে।
iv. পর্যটন ও আতিথেয়তা ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতাকে সহজতর করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। এছাড়া, উভয় দেশে পর্যটন প্রসারের লক্ষ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পরিচিতিমূলক সফরের আয়োজনকে উৎসাহিত করা হবে।
IX. স্বাস্থ্য:
নেপাল সরকারের মৌলিক স্বাস্থ্য পরিষেবার একটি সমন্বিত মডেলের ওপর জোর দেওয়ার বিষয়টি ভারতের স্বাস্থ্য বিষয়ক দৃষ্টিভঙ্গির সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। বর্তমান পরিপূরক সম্পর্কগুলিকে বিবেচনায় রেখে এবং এই ক্ষেত্রে আরও জোরালো সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে, উভয় পক্ষই নিম্নোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করবে:
i. নেপাল সরকারের চাহিদার ভিত্তিতে ‘হাই-ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ – এর আওতায় স্বাস্থ্যকেন্দ্র, প্রসূতি কেন্দ্র ও হাসপাতাল নির্মাণের প্রকল্পগুলি অব্যাহত রাখার মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করা।
ii. নেপালের জাতীয় চিকিৎসা গবেষণাগার আধুনিকীকরণের জন্য সহযোগিতা করা।
iii. সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে ‘ভারত-নেপাল জনঔষধি কেন্দ্র’ স্থাপন করা।
iv. নেপালের স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন প্রোগ্রাম’ (আইটিইসি)-এর আওতায় স্বাস্থ্য-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা।
v. উভয় দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন করা এবং শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্য বিনিময়ে উৎসাহিত করা।
vi. ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও নেপাল হেলথ রিসার্চ কাউন্সিল (এনএইচআরসি)-এর মধ্যে এবং ভারত ও নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (যথাক্রমে সিডিএসসিও এবং ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) মধ্যে গবেষণা সহযোগিতা জোরদার করা।
X. কৃষি:
এই ক্ষেত্রে ভারত ও নেপালের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং বিভিন্ন কাঠামো বিষয়ক নথিপত্র স্বাক্ষরের মাধ্যমে উল্লেখযোগ্য বোঝাপড়া রয়েছে। এই ক্ষেত্রে ভবিষ্যৎমুখী সম্পৃক্ততাকে আরও জোরদার করার লক্ষ্যে উভয় পক্ষ নিম্নোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করবে:
i. নেপালি কৃষি পণ্যের মূল্য সংযোজনের উদ্দেশ্যে ভারতের অনুদান সহায়তায় চিতওয়ানে একটি ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ (কৃষি-শিল্প পার্ক) স্থাপন করা।
ii. ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) এবং নেপাল এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (এনএআরসি)-এর মধ্যে ২০২৬-২০৩০ মেয়াদী কর্মপরিকল্পনার বাস্তবায়ন ত্বরান্বিত করা।
iii. নেপালের সরকারি আধিকারিক, কৃষক এবং কৃষি-সংশ্লিষ্ট পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা।
iv. নেপালে একটি ‘আইসিএআর সেন্টার অফ অ্যাক্সিলেন্স’ স্থাপন করা, শীর্ষস্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সংযোগ তৈরি করা এবং নেপালি কর্মকর্তা, কৃষক ও কৃষি-উদ্যোক্তাদের জন্য কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা।
বাস্তবায়ন পদ্ধতি:
দুই প্রধানমন্ত্রী নেপালের পররাষ্ট্র সচিব এবং ভারতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি ‘উচ্চ-পর্যায়ের পর্যবেক্ষণ গোষ্ঠী’ সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এই পর্যবেক্ষণ গোষ্ঠী প্রতি ছয় মাস অন্তত একবার বৈঠক করবে এবং পরিকল্পিত প্রকল্প, ধারণা ও উদ্যোগগুলির দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন বা ছাড়পত্র প্রাপ্তিতে সহায়তা করবে। উভয় নেতাই একমত হয়েছেন যে, উচ্চ-পর্যায়ের পর্যবেক্ষণ গোষ্ঠী তার প্রতিবেদন ভারত-নেপাল যৌথ কমিশনের কাছে জমা দেবে; এই কমিশনের সহ-সভাপতিত্ব করবেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন যে, ভারত-নেপাল যৌথ কমিশনের পরবর্তী বৈঠক ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। দুই প্রধানমন্ত্রী এই আশা ব্যক্ত করেছেন যে, এই ‘যৌথ ভিশন’ নথিটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে একটি উচ্চাকাঙ্ক্ষী, আধুনিক এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের রূপরেখা প্রদান করবে। তাঁরা ভারত ও নেপালের সংশ্লিষ্ট আধিকারিকদের এই অভিন্ন লক্ষ্যের বাস্তবায়নে কাজ করার নির্দেশ দিয়েছেন।
SC/MP/SB