Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ছত্তিশগড় সফরে গেলেন প্রধানমন্ত্রী; আধুনিক ও সম্প্রসারিত ভিলাই ইস্পাত প্রকল্প উৎসর্গ করলেন জাতির উদ্দেশে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ (১৪ই জুন, ২০১৮) ছত্তিশগড় সফরে গিয়ে নয়া রায়পুর স্মার্ট সিটিতে একটি সুসংবদ্ধ কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেন।এই কেন্দ্রটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী পরে ভিলাই ইস্পাত প্রকল্পের ৮ নম্বর ব্লাস্ট ফার্নেসটি ঘুরে দেখেন। এই প্রকল্পের খুঁটিনাটি সম্পর্কে তাঁকে বুঝিয়ে বলা হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রচুর সংখ্যক মানুষ আজ উপস্থিত ছিলেন ভিলাইয়ের রাস্তাগুলিতে।

বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজিত এক সমাবেশে আধুনিকভাবে গড়ে তোলা সম্প্রসারিত ভিলাই ইস্পাত প্রকল্পটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। আইআইটি ভিলাইয়ের শিলান্যাসও করেন তিনি। এছাড়া, ভারতনেট-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা উপলক্ষে একটি ফলকের আবরণও তিনি উন্মোচন করেন।

জগদলপুর এবং রায়পুরের মধ্যে বিমান পরিষেবা আজ আনুষ্ঠানিকভাবে চালু করেন শ্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায় সুফল গ্রহীতাদের হাতে তিনি তুলে দেন ল্যাপটপ, চেক ও শংসাপত্র।

জনসমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন যে, যে কোন ধরণের হিংসারই উচিৎ জবাব হল উন্নয়ন। জাতি গঠনের কাজে ভিলাই ইস্পাত প্রকল্পের অবদান যে অনেকখানি, সেকথাও তিনি ব্যাখ্যা করেন জনসাধারণের কাছে। সম্প্রসারিত এবং অত্যাধুনিক এই প্রকল্পটিকে নতুন ভারত গঠনের একটি শক্তিশালী ভিত বলে বর্ণনা করেন তিনি। যে উন্নয়ন প্রকল্পগুলির আজ সূচনা হল সেগুলিও আখেরে সাধারণের উপকারে আসবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শ্রী মোদী বলেন, ‘গ্রাম স্বরাজ অভিযান’-এর ফল গত দু’মাসে বেশ ইতিবাচক হয়েছে বলে মনে করেন তিনি। দেশের উন্নয়নকামী ১১৫টি জেলায় এই অভিযানকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই জেলাগুলির মধ্যে ১২টি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। জন ধন যোজনা, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা, ফসল বিমা যোজনা এবং সৌভাগ্য-এর মতো বিভিন্ন কর্মসূচি এই রাজ্যে বিশেষ সুফল এনে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী জনজাতির কথা চিন্তা করে এবং তাঁদের স্বার্থ রক্ষায় কঠোরভাবে রূপায়িত হচ্ছে অরণ্য অধিকার আইন। আদিবাসী মানুষের কল্যাণে তাঁর সরকার সক্রিয়ভাবে কাজ করে চলেছে। দেশের বিভিন্ন অংশে স্থাপিত হচ্ছে ‘একলব্য বিদ্যালয়’।

***

SSS/SKD/DM/