Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও কানাডার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা প্রসার সম্পর্কিত চুক্তিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


‘ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া’ (আইসিএআই) এবং ‘চার্টার্ড প্রোফেশনাল অ্যাকাউন্ট্যান্টস অফ কানাডা’ (সিপিএ কানাডা)-র মধ্যে একটি মউ স্বাক্ষরের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়।

২০১১ সালে স্বাক্ষরিত একটি মউ এবং আইসিএআই ইন্ডিয়া এবং সিপিএ কানাডার মধ্যে মউ স্বাক্ষরের প্রস্তাবে একটি কর্মপরবর্তী পদক্ষেপ হিসেবে এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মউ-এর আওতায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রাথমিক পর্যায়ে পেশাগত গুণ, দক্ষতা ও যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে ভারত ও কানাডার মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রসার ঘটবে। এছাড়াও, এই বিশেষ ক্ষেত্রটির সংজ্ঞা নির্ধারণ, শিক্ষা ও মূল্যায়ন ক্ষেত্রে দুটি দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতাবদ্ধ হবে।

আইসিএআই সদস্য, ছাত্রছাত্রী এবং তাদের সংস্থাগুলির স্বার্থে পারস্পরিক দিক থেকে এক সুসম্পর্ক গড়ে তোলাই হল এই মউ সম্পাদনের মূল লক্ষ্য। আইসিএআই সদস্যরা এর ফলে তাঁদের পেশাগত ক্ষেত্রের পরিধি বাড়ানোর সুযোগ পাবেন এবং কাজের সূত্রে আইসিএআই ও সিপিএ কানাডার মধ্যে পারস্পরিক সম্পর্কেরও প্রসার ঘটবে। শুধু তাই নয়, স্বাক্ষরিত মউ-এর আওতায় তরুণ ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে সিপিএ কানাডার স্বীকৃতি লাভের আগ্রহও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকজন ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বর্তমানে কানাডার সংস্থা ও প্রতিষ্ঠানগুলিতে কর্মসূত্রে শীর্ষপদ অধিকার করে রয়েছেন। অন্যদিকে, সিপিএ কানাডার স্বীকৃতি লাভের ফলে ভারতীয় মেধা ও দক্ষতার ওপর কানাডা কর্পোরেট ক্ষেত্রের আস্থা ও বিশ্বাসও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

SSS/SKD/DM/…