পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের (২৬ সেপ্টেম্বর) বৈঠকে ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই চুক্তিতে দু’দেশের মধ্যে কৃষি সংক্রান্ত আইনকানুন, পণ্যমান এবং উভয় দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যদ্রব্য বিষয়ে তথ্য বিনিময়ের কথা রয়েছে। এছাড়া, উজবেকিস্তানে দু’দেশের যৌথ উদ্যোগে একটি কৃষি প্রকল্পগুচ্ছ স্থাপন, শস্য উৎপাদন এবং এই ক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য অভিজ্ঞতা বিনিময়, আধুনিক প্রযুক্তি-ভিত্তিক বীজ উৎপাদনের ক্ষেত্রেও দু’দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, বীজের শংসাপত্র, দু’দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এই বীজ ব্যবহার সংক্রান্ত আইনকানুন এবং সুবিধাজনক শর্তে বীজের নমুনা বিনিময়ের কথাও এই চুক্তিতে রয়েছে। জল ব্যবহারে, বিশেষ করে সেচের জল ব্যবহারে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রযুক্তির প্রয়োগ, জেনেটিক্স, গাছের প্রজনন, জৈব প্রযুক্তি, বৃক্ষ সুরক্ষা, মাটির উৎপাদনশীলতা সংরক্ষণ, কৃষি কাজের যন্ত্রায়ন, জলের উৎস সংরক্ষণ প্রভৃতি বিষয়ও এই চুক্তিতে রয়েছে। অন্যদিকে, বৃক্ষ পৃথকীকরণের ক্ষেত্রে সহযোগিতা, পশুপালন, প্রাণী স্বাস্থ্য, পোল্ট্রি, জিনোমিক্স-এর ক্ষেত্রে তথ্য বিনিময়, কৃষি এবং খাদ্যপণ্যের ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা, উভয় দেশের মধ্যে যৌথ উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা এবং উভয় দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে স্থির হওয়া যে কোন বিষয়ে সহযোগিতার কথাও এই চুক্তিতে রয়েছে।
উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কর্মীগোষ্ঠী গড়ে তুলে তাদের হাতে সহযোগিতা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হবে। চুক্তি রূপায়ণের ক্ষেত্রে সমস্যা সমাধান এবং রূপায়ণের কাজে নজরদারি চালানোর দায়িত্বও এই কর্মীগোষ্ঠীর হাতে থাকবে। প্রতি দু’বছর বাদে বাদে এই কর্মীগোষ্ঠী ভারত এবং উজবেকিস্তানে বৈঠকে বসবে। পাঁচ বছরের জন্য এই চুক্তিটি কার্যকর থাকবে এবং প্রতি পাঁচ বছর অন্তর স্বয়ংক্রিয়ভাবে এর পুনর্নবীকরণ হবে। তবে, যে কোন দেশ এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইলে, আগে থেকে বিজ্ঞপ্তি দিয়ে তার ছ’মাসের মধ্যে চুক্তিটি বাতিল করা যাবে।
***
CG/PB/DM/