Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাশিয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সাদর অভ্যর্থনা জানানো হবে ‘অভিনন্দন’ ও ‘অভিব্যাক্তি’র মাধ্যমে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ায় সাদর অভ্যর্থনা জানানো হবে আগামীকাল, অর্থাৎ ২৪ ডিসেম্বর ‘অভিনন্দন’ ও ‘অভিব্যাক্তি’– এই দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি পরিবেশন করবেন রাশিয়ান শিল্পীরা। ভারতের শাস্ত্রীয় ও লোকনৃত্য অবলম্বনে এই অনুষ্ঠানটি প্রযোজনা করা হয়েছে। মূলত, রাশিয়ায় ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের লোকপ্রিয়তাকে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন। ভারতীয় সংস্কৃতি শুধুমাত্র রাশিয়ার জনমানসে নয়, দু’দেশের আন্তঃসাংস্কৃতিক সমঝোতার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, ভারতীয় লোকশিল্পকলা কতটা প্রভাব বিস্তার করেছে রাশিয়ার শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তারও পরিচয় পাওয়া যাবে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটির সূচনা হবে এক শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে এবং অনুষ্ঠানের প্রথমেই রাশিয়ার ব্রহ্মকুমারীরা পরিবেশন করবেন ‘বন্দে মতরম্‌’ নামে এক বিশেষ বন্দনাগীতি। এরপরই পরিবেশিত হবে কুচিপুড়ি, কত্থক ও ডান্ডিয়া রাস নৃত্য। অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে শ্রী অটল বিহারী বাজপেয়ির কবিতা ‘গীত নয়া গাতা হুঁ’ অবলম্বনে এক সঙ্গীতালেখ্য। এই গীতি আলেখ্যটি লতা মঙ্গেশকরের তৈরি। ৫২ জন শিল্পী একসঙ্গে মঞ্চে এসে উপস্থাপিত করবেন এই বিশেষ আলেখ্যটি। এখানে উল্লেখযোগ্য বিষয়টি হল অটল বিহারী বাজপেয়ির জন্মদিনের প্রাক্কালেই পরিবেশিত হচ্ছে এই গীতি আলেখ্য।

‘অভিব্যাক্তি’ অনুষ্ঠানটিতে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য-পরম্পরাকে উপস্থাপিত করবেন রাশিয়ান শিল্পীরা। ভারত ও রাশিয়ার জনসাধারণের মধ্যে যে মৈত্রী ও সৌভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে তারই প্রতিফলন ঘটবে এই অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে। ‘অভিব্যাক্তি’ অনুষ্ঠানটি তাই পারস্পরিক শুভেচ্ছা, প্রীতি, আনন্দ ও উৎসাহের এক সাংস্কৃতিক প্রতিফলন। এই বিশেষ সাংস্কৃতিক পর্বটিতে অংশগ্রহণ করবেন ১০০ জনের মতো শিল্পী। ‘নমস্কারম’, ‘ভারতনাট্যম’, ‘খোরিয়া’, ‘লাবনি’ সহ বিভিন্ন সাংস্কৃতিক কলা উপস্থাপিত হবে।