পিএমইন্ডিয়া
কেনিয়ার নাইরোবিতে গত ১৫ থেকে ১৯ ডিসেম্বর, ২০১৫-তে অনুষ্ঠিত বিশ্ব শ্রম সংস্থা (ডব্লিউ টি ও)-র মন্ত্রণালয় পর্যায়ের দশম সম্মেলনে ভারতের প্রস্তাব ও সিদ্ধান্তকে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টিকে সর্বসম্মতভাবে সমর্থন জানানো হয়।
নাইরোবি সম্মেলনের ফলাফল ‘নাইরোবি প্যাকেজ’ নামে পরিচিত। ঐ সম্মেলনে অপেক্ষাকৃত স্বল্পোন্নত দেশগুলিতে কৃষি, সুতিবস্ত্র এবং অন্যান্য কয়েকটি ক্ষেত্রের উন্নয়নের ব্যাপারে মন্ত্রণালয় পর্যায়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুধু তাই নয়, উন্নয়নশীল দেশগুলির জন্য এক বিশেষ রক্ষাকবচ গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয় ঐ সম্মেলনে। পরিষেবা ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলি যাতে বিশেষ সুযোগ পেতে পারে সে বিষয়টিও নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলনে আলোচনাক্রমে। বাণিজ্যিক দিক থেকে স্বল্পোন্নত দেশগুলির রপ্তানি বাণিজ্যকে কিভাবে লাভজনক করে তোলা যায় সে সম্পর্কেও আলোচনা হয় নাইরোবি সম্মেলনে। মন্ত্রণালয় পর্যায়ে একটি ঘোষণাও করা হয় সম্মেলনের শেষে।
সম্মেলনে ভারতের পক্ষ থেকে মন্ত্রণালয় পর্যায়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে সওয়াল করা হয়। উন্নয়নশীল দেশগুলি কৃষিক্ষেত্রে বিশেষ রক্ষাকবচের সুযোগ-সুবিধা যাতে পেতে পারে সেই বিষয়টি নিয়ে সরব হয় ভারত। স্বল্পোন্নত দেশগুলির স্বার্থে সম্মেলনের ফলাফলকে স্বাগত ও সমর্থন জানায় ভারত। বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিতে ভারত ইতিমধ্যেই স্বল্পোন্নত দেশগুলিকে বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়েছে।
PG/SKD/DM