পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ (৩০শে জানুয়ারি) সুরাটে অত্যাধুনিক সুপার স্পেশালিটি রসিলাবেন সেভান্তিলাল শাহ ভেনাস হাসপাতালের উদ্বোধন করেন। এই হাসপাতালটি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে সেবা প্রদান করবে বলে তিনি আনন্দ প্রকাশ করেন।
এক জনসভায় ভাষণের সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার একটি সুস্থ ভারত গড়ে তুলতে কাজ করছে। দরিদ্রদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শ্রী মোদী। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান ও মিশন ইন্দ্রধনুষের মতো উদ্যোগ মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণার বিষয়ে যারা বিদ্রূপ করেছেন, তাদের যথাযথ জবাব দিয়ে তিনি বলেন, আজ স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সুবিস্তৃত উদ্যোগ নেওয়ার ফলে ৯৭ শতাংশ জনসংখ্যা পরিষ্কার শৌচাগারের সুবিধা পেয়েছে। প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবার ওপরেও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারা বিশ্ব সুস্বাস্থ্যের ক্ষেত্রে যোগচর্চার ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন যে, আয়ুষ্মান ভারত প্রকল্প সুস্থতর ভারত গড়ে তোলার ক্ষেত্রে একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা গড়ে তুলবে। এই প্রকল্প দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলিতে নতুন নতুন হাসপাতাল স্থাপনে সাহায্য করবে। এর ফলে, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কর্মসংস্থানও বাড়বে বলেও তিনি জানান। শ্রী মোদী জানান, এখন জনসাধারণ বেশি সংখ্যায় জেনেরিক ওষুধ পাচ্ছেন যা কেবল চিকিৎসার খরচই কমাবে না, বরং বহু মূল্যবান জীবন বাঁচাবে।
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রী গুজরাটকে অভিনন্দনও জানান।
CG/SC/DM/