পিএমইন্ডিয়া
রাজস্থানের টঙ্ক জেলার মালপুরা তহশিলের অভীকানগরে অবস্থিত সেন্ট্রাল শিপ অ্যান্ড উল রিসার্চ ইন্সটিটিউট (সি এস ডব্ল্যু আর আই)-এর ৫০ একর জমি রাজস্থান সরকার’কে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিকানিরের পশু চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়’কে পশু চিকিৎসা সংক্রান্ত বিশ্ববিদ্যালয় তথা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার কাজে সাহায্য করার জন্য এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই জমিটি অধিগ্রহণের জন্য রাজস্থান সরকার’কে কোনও দাম দিতে হবে না। তবে, জমি হস্তান্তরের একটি প্রাথমিক শর্তই হল, যে লক্ষ্যে বা উদ্দেশ্যে জমিটি অধিগৃহীত হবে তা বাদে অন্য কোনও কাজে বা উদ্দেশ্যে ঐ জমি ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্রটি যদি কোনও কারণে বন্ধ হয়ে যায়, তা হলে ঐ ৫০ একর জমি সি এস ডব্ল্যু আর আই’কে ফেরৎ দিতে বাধ্য থাকবে রাজস্থান সরকার।
উল্লেখ্য, এই কেন্দ্রটি গড়ে উঠলে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় এবং সি এস ডব্ল্যু আর আই উভয়পক্ষই বিশেষভাবে উপকৃত হবে।
PG/SKD/SB