পিএমইন্ডিয়া
অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংক্রান্ত নতুন ভারতীয় সংস্থাটি চালু করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০১৫-১৬ অর্থ বছর থেকে একটি অস্থায়ী ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠানটি। প্রথম তিন বছরে, অর্থাৎ, ২০১৫-১৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটি চালাতে খরচ ধরা হয়েছে ১৩৭ কোটি ৩০ লক্ষ টাকা।
অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪ অনুসারে তৎকালীন অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে ভেঙ্গে দুটি পৃথক রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা তৈরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে নতুনভাবে স্থাপিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি নতুন জাতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। তিরুপতিতে এই প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে অন্ধ্রপ্রদেশ সরকার ইয়েরপেড়ু মন্ডলের চিন্ডেপল্লী ও পাঙ্গুর গ্রামের শ্রীনিবাসপুরমে ২৪০ একর জমি চিহ্নিত করে। যতদিন না এই জমিটিতে জাতীয় দিক থেকে গুরুত্বপূর্ণ এই নতুন প্রতিষ্ঠানটি স্থাপিত হচ্ছে, ততদিন পর্যন্ত তিরুপতির শ্রীরাম ইঞ্জিনিয়ারিং কলেজে এর কাজকর্ম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
PG/SKD/DM/S