Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৫ই অক্টোবরের সরকারি সফরের সময় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দ্বিপাক্ষিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রীর বক্তব্যের অনুবাদ


মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

সুধীবৃন্দ,

বন্ধুগণ,

নমস্কার !!

সবাইকে শারদীয় শুভেচ্ছা !

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজির সঙ্গে আরও তিনটি দ্বিপাক্ষিক প্রকল্প উদ্বোধন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। বিগত এক বছরে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন’টি প্রকল্পের সূচনা করেছি। আজ আরও তিনটি প্রকল্পের সূচনার মধ্য দিয়ে আমরা এক বছরে মোট এক ডজন যৌথ প্রকল্পের সূচনা করলাম। এই লক্ষ্যে পৌঁছনোর জন্য আমি দুই দেশের আধিকারিক ও নাগরিকদের অভিনন্দন জানাচ্ছি।

আজ যে তিনটি প্রকল্পে উদ্বোধন হল, এগুলি প্রত্যেকটি পৃথক ক্ষেত্রের – রান্নার গ্যাস আমদানি, কারিগরি প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়ন। কিন্তু তিনটির উদ্দেশ্য একই। আর তা হল – আমাদের নাগরিকদের জীবনযাত্রা উন্নত করা। ভারত-বাংলাদেশের সম্পর্কেরও এটিই মূল নীতি। ভারত-বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তি হল আমাদের বন্ধুত্বের মাধ্যমে প্রতিটি নাগরিকের উন্নয়ন নিশ্চিত করা।

বাংলাদেশ যে বিপুল পরিমাণে রান্নার গ্যাস রপ্তানি করবে, তাতে দুই দেশই উপকৃত হবে। এর ফলে বাংলাদেশের রপ্তানি, আয় এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পরিবহণের সময় ১,৫০০ কিলোমিটার দূরত্ব হ্রাসের ফলে আর্থিক দিক থেকে যেমন সুবিধা হবে, পাশাপাশি পরিবেশ দূষণেরও হার কমবে। বাংলাদেশের শিল্পোন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ-ভারত পেশাদার দক্ষতা উন্নয়ন ��ংস্থা’র দ্বিতীয় প্রকল্পে দক্ষ শ্রমিক এবং প্রযুক্তিবিদ গড়ে তোলা হবে।

সুধীবৃন্দ,

দুই মহামানব – শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের চিরস্থায়ী প্রভাব রয়েছে আমাদের সমাজে। তাঁদের অনুপ্রেরণায় ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবনের এই প্রকল্পটি নেওয়া হয়েছে। বাংলা সংস্কৃতির ঔদার্য্য এবং মুক্ত চিন্তার মতো এই মিশনেও সকল মত স্থান পায়। আর তাই, এই মিশনে সব সম্প্রদায়ের উৎসব সমদৃষ্টিতে পালন করা হয়। এই ভবনে ১০০ জনের বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং গবেষকের থাকার ব্যবস্থা করা হয়েছে।

সুধীবৃন্দ,

ভারত-বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে গুরুত্ব দিয়ে থাকে। আমরা গর্বিত যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক, দুই বন্ধুভাবাপন্ন প্রতিবেশীর সহযোগিতার আদর্শ উদাহরণ হয়ে উঠেছে। আমি আনন্দিত যে, আজকের আলোচনা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

জয় হিন্দ ! জয় বাংলা ! জয় ভারত-বাংলা বন্ধুত্ব !

ধন্যবাদ।

CG/CB/DM/