পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় রেলকে শক্তিক্ষেত্রে স্বনির্ভর করে তুলতে ভারত ও গ্রেট ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন মিলেছে। রেল মন্ত্রক এবং গ্রেট ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক দপ্তরের সঙ্গে গত ২রা ডিসেম্বর এই সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়। এই মউ স্বাক্ষরের ফলে শক্তি সাশ্রয় এবং ভারতীয় রেলকে শক্তিক্ষেত্রে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে উভয় পক্ষই সম্মত হয়েছে।
উভয় দেশই শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং ভারতীয় রেলকে শক্তিক্ষেত্রে স্বনির্ভর করে তুলতে যথাযথ উদ্যোগ নেবে। এছাড়াও ভারতীয় রেলের শক্তি সাশ্রয় এবং শক্তি ক্ষেত্রে স্বনির্ভর করে তোলার পরিকল্পনায় সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়কারী পদ্ধতি গ্রহণ, জ্বালানী সাশ্রয় পদ্ধতি গ্রহণ, বিদ্যুৎ চার্জিং পরিকাঠামো গড়ে তোলা, ব্যাটারি চালিত ইঞ্জিনের ব্যবহারের মতো উদ্যোগের কথা সমঝোতাপত্রে উল্লেখ রয়েছে। একইসঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি, বিভিন্ন শিল্পসংস্হায় পরিদর্শনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি বিষয়েও সমঝোতাপত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাক্ষরিত সমঝোতাপত্র অনুযায়ী উভয় পক্ষই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে পারস্পরিক সহায়তা করবে। উভয় পক্ষই প্রয়োজন অনুসারে সমঝোতাপত্রে সংশোধন, পরিমার্জন করতে পারবে। এ ধরণের সংশোধনগুলিকে উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে কার্যকর করা হবে। সমঝোতাপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও চালু প্রকল্প বা কর্মসূচিগুলির রূপায়ণ অব্যাহত থাকবে। এমনকি এ ধরণের প্রকল্প বা কর্মসূচিগুলির রূপায়ণে পারস্পরিক সহযোগিতাও বজায় থাকবে। উভয় পক্ষের মধ্যে কোন বিষয়ে মত-পার্থক্য বা বিবাদ থাকলে পারস্পরিক আলাপ-আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে তার নিষ্পত্তি করা যাবে বলে সমঝোতাপত্রে উল্লেখ রয়েছে।
CG/BD/NS/