Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রপ্তানির লক্ষ্যে ইন্দোর বিমানবন্দরে পচনশীল পণ্যের কার্গো ব্যবস্হা গড়ে তোলার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি


ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের (AAI) ১৫০০ বর্গ কিলোমিটার জমি মেসার্স এম পি ওয়্যারহাউসিং লজিস্টিক্স কর্পোরেশনকে (MPWLC)লিজ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্তিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ এই প্রস্তাবে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পর্ষদের প্রস্তাব অনুযায়ী ওই জমিটি ব্যবহার করে ইন্দোর বিমানবন্দরে পচনশীল পণ্যের একটি কার্গো সেন্টার গড়ে তোলা হবে।

প্রস্তাবিত কেন্দ্রটিতে ব্যবসায়ীদের প্রয়োজনে এক ছাদের তলায় বিশ্বমানের সুযোগ-সুবিধার ব্যবস্হা থাকবে। শুধু তাই নয়, পচনশীল পণ্যের গুনগত মান যাতে বজায় থাকে তারও ব্যবস্হা করা হবে এই কেন্দ্রটিতে। সরকারি ও বেসকারি অংশীদারিত্বে এই সমস্ত সুযোগ-সুবিধার প্রসার ঘটাবে মেসার্স এম পি ওয়্যারহাউসিং লজিস্টিক্স কর্পোরেশন।

এই কেন্দ্রটি স্হাপিত হলে স্হানীয় অধিবাসীদের জন্য কর্মসংস্হানের সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হবে। এই কেন্দ্রটি চালাতে ১১৩ জনের মতো কর্মীর প্রয়োজন হবে বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মধ্যপ্রদেশের রাজ্য সরকারের সূত্রে প্রকাশ, ইন্দোরের দেবী অহল্যাবাই বিমানবন্দরে প্রস্তাবিত এই কেন্দ্রটি স্হাপন করা হবে। ওষুধপত্র, পোল্ট্রিজাত দ্রব্য এবং উদ্যানজাত পণ্য রপ্তানির ব্যাপক চাহিদা রয়েছে ওই রাজ্যের মালবা অঞ্চলে। সুতরাং কেন্দ্রটি স্হাপিত হলে কৃষি ও উদ্যান পালনের মতো বিষয়গুলিআরও উন্নত করে তোলার সুযোগ পাবে মধ্যপ্রদেশ সরকার।

PG/SKD/NS