পিএমইন্ডিয়া
অন্ধ্রপ্রদেশে একটি জাতীয় প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠান (এনআইটি) স্থাপনের প্রস্তাবে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞানশিক্ষা ও গবেষণা (সংশোধন) বিল, ২০১৬ পেশ করার প্রস্তাবটিও অনুমোদন লাভ করে। এনআইটি অন্ধ্রপ্রদেশের অন্তর্ভুক্তির লক্ষ্যেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গত বছরের ২০ আগস্ট থেকে অন্ধ্রপ্রদেশ সমিতি নথিভুক্তি আইন, ২০০১ অনুসারে অন্ধ্রপ্রদেশের এনআইটি-কে তালিকাভুক্ত করা হয়।
অন্ধ্রপ্রদেশের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে। এর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট সোসাইটির। যতদিন না এই প্রতিষ্ঠানটিকে জাতীয় প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞানশিক্ষা ও গবেষণা আইন, ২০০৭-এর আওতায় নিয়ে আসা হয়, ততদিন পর্যন্ত এটির পরিচালনার দায়িত্ব বর্তাবে সংশ্লিষ্ট সোসাইটির ওপর।
PG/SKD/DM/