পিএমইন্ডিয়া
কর প্রশাসনের ক্ষেত্রে পাঁচ দফা পথ অনুসরণের জন্য একটি রূপরেখা চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই রূপরেখাটিকে সংক্ষেপে ‘RAPID’বলে বর্ণনা করেছেন তিনি। ‘R’-এর অর্থ হল Revenue, অর্থাৎ রাজস্ব অর্জন; ‘A’-এর অর্থ হল Accountability, অর্থাৎ দায়বদ্ধতা; ‘P’-এর অর্থ হল Probity, অর্থাৎ নিষ্ঠা ও সততা; ‘I’-এর অর্থ Information, অর্থাৎ তথ্য সংগ্রহ ও যোগান এবং‘D’-এর অর্থ Digitisation, অর্থাৎ ডিজিটাল ব্যবস্থা।
প্রধানমন্ত্রী বলেছেন, আইনের অনুশাসন মেনে চলা সকল নাগরিকের পক্ষেই বাধ্যতামূলক। কর ফাঁকি দেওয়ার প্রবণতা যাদের আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি হয়তো তাদের পক্ষে ভয়ের কারণ হতে পারে,কিন্তু কর প্রশাসকদের এজন্য ভয় পাওয়া বা তাঁদের এড়িয়ে চলা কোনমতেই উচিত নয়।
প্রধানমন্ত্রী আজ এখানে ‘রাজস্ব জ্ঞান সঙ্গম’-এ কর প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। কর সংক্রান্ত বিষয়ে আধিকারিকদের কাছ থেকে মতামত ও পরামর্শও তিনি আহ্বান করেন। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকদের অনেকেই ডিজিটাল পদ্ধতি, স্বেচ্ছায় কর মিটিয়ে দেওয়া, করদাতাদের জন্য সুযোগ-সুবিধা, করের পরিধি বাড়ানো, কর প্রশাসনের ডিজিটাল তথা ব্যবহারিক পরিকাঠামোকে অত্যাধুনিক করে তোলা সহ বেশ কয়েকটি বিষয়ে তাঁদের মতামত পেশ করেন প্রধানমন্ত্রীর কাছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে এক বিশেষ ঐতিহাসিক মুহূর্তে উপনীত। দেশবাসীর আশা ও উচ্চাকাঙ্ক্ষা পূরণে সরকারের উদ্যোগী হওয়া প্রয়োজন কারণ, এর মাধ্যমেই দেশের বিকাশ বা উন্নয়ন সম্ভব।
কর ব্যবস্থার ওপর আস্থা ও বিশ্বাসের মানসিকতা গড়ে তুলতে কর প্রশাসকদের উদ্দেশে আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বেচ্ছায় গ্যাসের ওপর ভর্তুকি ছেড়ে দেওয়া সম্পর্কিত কর্মসূচি ‘গিভ ইট আপ’-এর দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, করের পরিধিকেও এইভাবে ক্রমশ বাড়িয়ে যাওয়া উচিত যাতে কর প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিকরাও দেশে পরিবর্তন তথা রূপান্তর সম্ভব করে তোলার কাজে নেতৃত্ব দিতে পারেন। ‘রাজস্ব জ্ঞান সঙ্গম’-এ উপস্থিত আধিকারিকদের খোলা মনে আলোচনার জন্য উৎসাহ যোগান শ্রী নরেন্দ্র মোদী।
আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি, অর্থ প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত সিনহা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব শ্রী নৃপেন্দ্র মিশ্র, রাজস্ব সচিব শ্রী হাসমুখ আধিয়া এবং সিবিডিটি ও সিবিইসি-র চেয়ারম্যানদ্বয়।
উল্লেখ্য, এই প্রথম কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) এবং কেন্দ্রীয় আমদানি ও রপ্তানি শুল্ক পর্ষদ (সিবিইসি)-র যৌথ উদ্যোগে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজিত হল।
PG/SKD/DM/