পিএমইন্ডিয়া
বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান (নিয়োগ ও নিযুক্তির শর্তাবলী) সংক্রান্ত মডেল বিলটি বিবেচনার জন্য উপস্থাপিত করা হয়। মন্ত্রিসভার সম্মতিক্রমে এই বিলটি এখন পাঠানো হবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাতে সেখানকার এ সম্পর্কিত আইনগুলি প্রয়োজনে সংশোধন করা যায়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ইচ্ছা করলে এই বিলটি পুরোপুরি গ্রহণ করতে পারে, কিংবা প্রয়োজনবোধে এর বিভিন্ন সংস্থানের রদবদল ও সংশোধনও করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে জনসাধারণ, শ্রমিক-কর্মচারী, শ্রম প্রতিনিধি, কর্মীদের বিভিন্ন সংগঠন ও ফেডারেশন এবং রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই বিলটি চূড়ান্ত করা হয়।
এই মডেল বিলটির কয়েকটি বৈশিষ্ট্য হল :
· উৎপাদন ও নির্মাণ প্রতিষ্ঠান ছাড়া যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১০ বা তার বেশি সংখ্যক কর্মী কাজ করেন সেগুলির ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
· এই বিলটিতে সংস্থা ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে স্বাধীনতা দেওয়া হয়েছে বছরে ৩৬৫ দিনই তাদের দোকান বা কার্যালয় খোলা রাখার। দোকান ও কার্যালয় খোলা ও বন্ধের সময় স্থির করার ব্যাপারেও তাদের স্বাধীনতা থাকবে।
· মহিলা কর্মীদেরও রাতের শিফ্টে কাজ করার অনুমতি দেওয়া হবে। তবে, সেক্ষেত্রে মহিলাদের জন্য উপযুক্ত শৌচাগার, বিশ্রাম কক্ষ এবং আশ্রয় ছাড়াও তাঁদের মর্যাদার সুরক্ষা এবং পরিবহণ সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকা চাই।
· নিয়োগ, প্রশিক্ষণ, বদলি কিংবা পদোন্নতির ক্ষেত্রে মহিলা কর্মীদের প্রতি কোনরকম বৈষম্য করা চলবে না।
· সরলীকৃত পদ্ধতির মাধ্যমে একটি সাধারণ নথিভুক্তি ব্যবস্থা গড়ে তুলতে হবে অনলাইন মারফৎ।
· দোকান ও প্রতিষ্ঠানগুলিতে নির্মল ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা থাকা প্রয়োজন।
· কোন দোকান বা প্রতিষ্ঠানের নিজস্ব কোন ক্যান্টিন, প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন ব্যবস্থার অভাব থাকলে অন্যান্য দোকান ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতাক্রমে সমষ্টিগতভাবে তা গড়ে তোলা যাবে।
· জাতীয় ছুটির দিন ছাড়াও কর্মীদের সবেতন ছুটি দিতে হবে পাঁচটি উৎসবের দিনে।
· তথ্যপ্রযুক্তি, জীবপ্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়নের কাজে যুক্ত সুদক্ষ কর্মীদের প্রতিদিন ৯ ঘন্টা কাজ করার বাধ্যবাধকতা থেকে প্রয়োজনে ছাড় দিতে হবে।
মডেল বিলটির উদ্দেশ্য হল, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পর্কিত যে আইনগুলি রয়েছে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সেগুলির মধ্যে সমতা নিয়ে আসা যাতে বাণিজ্যিক কাজকর্ম সহজতর হয়ে ওঠে এবং কর্মসংস্থানের সুযোগ-সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
PG/SKD/DM/