পিএমইন্ডিয়া
গত নভেম্বর মাসে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এ এ আই) এবং সিঙ্গাপুর সহযোগিতা সংস্থার (এস সি ই) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সম্পাদিত চুক্তিটি আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসে শ্রী মোদীর সিঙ্গাপুর সফরকালে ঐ চুক্তিটি সম্পাদিত হয়েছিল।
দু’দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য হল অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রসার। সূচনায়, জয়পুর ও আমেদাবাদ বিমানবন্দর দুটিকে এই সহযোগিতা চুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে। তবে, পরস্পরের সম্মতিসাপেক্ষে অন্যান্য বিমানবন্দরগুলির ক্ষেত্রেও এই সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।মোটামুটিভাবে স্থির হয়েছে, অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে পরিকল্পনা ও নকশা তৈরি, বিমান চলাচলের প্রসার, বাণিজ্যিক উদ্দেশ্যে বিমান পরিবহণ, পরিষেবাগত মানের উন্নয়ন, বিকাশ ও প্রশিক্ষণ, মালপত্রের দক্ষ পরিচালনা, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও পুনর্নিমাণ ইত্যাদি ক্ষেত্রে দুটি দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে যাবে।
উল্লেখ্য, সিঙ্গাপুর সরকার তাদের দেশে অত্যাধুনিক মানের বিমানবন্দর নির্মাণ করেছে যা র্যা ঙ্কিং-এর দিক থেকে গত বেশ কয়েক বছর ধরেই এক উল্লেখযোগ্য স্থান অধিকার করে নিয়েছে।ভারতে আমেদাবাদ ও জয়পুর বিমানবন্দর দুটির মান আরও উন্নত করে তোলার তাগিদ অনুভব করায় কেন্দ্রীয় সরকার সিঙ্গাপুরের সঙ্গে এই সহযোগিতা চুক্তি সম্পাদনের সিদ্ধান্ত গ্রহণ করে।
PG/SKD/DM