পিএমইন্ডিয়া
অসামরিক কাজে পরমাণু সহযোগিতা প্রসারে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি আজ এখানে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে অসামরিক পরমাণু সহযোগিতা ক্ষেত্রে বর্তমান বছরটিতে বিশেষ সাফল্যের নজির রেখেছে ভারত। গত ১২ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রী মিঃ আবে-র ভারত সফরকালে জাপানের সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তিতে আবদ্ধ হয় ভারত। অন্যদিকে, এ বছর ২৫ থেকে ২৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নয়াদিল্লি সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামরিক ক্ষেত্রে পরমাণু ব্যবহার সম্পর্কিত সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়টিতে দু’দেশের পক্ষ থেকেই আগ্রহ প্রকাশ করা হয়। এ বছর রাশিয়া ও ফ্রান্সের সঙ্গেও অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়। একইভাবে, সহযোগিতা চুক্তিতে পারস্পরিক সম্মতি জানায় ভারত ও কানাডা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গত এপ্রিলে কানাডা সফরের সময় এ সম্পর্কে দুটি দেশের মধ্যেই বিস্তারিত আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়।