Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আগামীকাল ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ আন্দোলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী


আগামীকাল নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশের তরুণ শিল্পোদ্যোগীদের উৎসাহকে সমর্থন জানাতেই এই বিশেষ উদ্যোগ। দেশ-বিদেশের ‘স্টার্ট-আপ’ শিল্পের প্রতিষ্ঠাতা এবং সি ই ও-রা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

‘স্টার্ট-আপ’ শিল্পোদ্যোগীদের সঙ্গে এই উপলক্ষে এক আলোচনা বৈঠকেও মিলিত হবেন প্রধানমন্ত্রী। তিনি পরিদর্শন করবেন ‘স্টার্ট-আপ’ উদ্যোগের ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে এক বিশেষ প্রদর্শনীও। ‘স্টার্ট-আপ’ সম্পর্কিত কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তিনি ভাষণ দেবেন শিল্পোদ্যোগী ও সি ই ও-দের এক সমাবেশে।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী আসার আগে ‘স্টার্ট-আপ’ শিল্পোদ্যোগ সম্পর্কে দিনভর এক কর্মশালাও আয়োজিত হবে। বিভিন্ন বক্তারা আলোচনায় অংশগ্রহণ করবেন এই কর্মশালাটিতে, বক্তব্য রাখবেন সংশ্লিষ্ট বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের ওপর।

‘নীতি রচয়িতাদের সঙ্গে মুখোমুখী’ নামে একটি অভিনব প্রশ্নোত্তর পর্বেরও ব্যবস্থা থাকছে এই উপলক্ষে। এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি মন্ত্রক ও দপ্তরের সচিবরা নানা ধরনের প্রশ্নের উত্তর দেবেন। ‘স্টার্ট-আপ’-এর উপযোগী পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারি উদ্যোগের বিষয়টিও তাঁরা বিস্তারিতভাবে খুলে বলবেন প্রশ্নকর্তাদের কাছে। উল্লেখ্য, দেশের ‘স্টার্ট-আপ’ শিল্পোদ্যোগকে উৎসাহ দিতে অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ।

শিল্পক্ষেত্রের আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন এদিন অনুষ্ঠানের মঞ্চে। ‘সফ্‌ট ব্যাঙ্ক’-এর প্রতিষ্ঠাতা তথা সি ই ও মিঃ মাসাওসি সোন এবং ‘উইওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা মিঃ অ্যাডাম নিউম্যানও তরুণ শিল্পোদ্যোগীদের নানা ধরনের জিজ্ঞাসার কৌতূহল মেটাবেন।

সমগ্র অনুষ্ঠানটি দেশের বিভিন্ন আই আই টি, আই আই এম, এন আই টি, আই আই আই টি এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে টেলিভিশন ব্যবস্থায় সম্প্রচার করা হবে। দেশের ৩৫০টি জেলার যুবগোষ্ঠীর কাছেও পৌঁছে যাবে এই টিভি সম্প্রচার।

PG/SKD/DM