Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী রাঁচিতে বিশাল যোগচর্চায় নেতৃত্ব দিলেন


আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাঁচিতে এক বিশাল যোগচর্চা অনুষ্ঠানে অংশ নেন।

যোগাভ্যাস শুরু হওয়ার ঠিক আগে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির জন্য যোগ আমাদের কাছে আদর্শ হয়ে উঠুক”।

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে যোগের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং সোস্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত সকলের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যোগ – এর বার্তা তিনি এখন শহর থেকে গ্রামে এবং দরিদ্র মানুষের বাড়ি থেকে আদিবাসী মানুষের কাছেও পৌঁছে দিতে চান। দরিদ্র ও আদিবাসী মানুষজন যেহেতু অনেক সময়েই অসুখে ভোগেন, তাই যোগচর্চাকে তাঁদের জীবনের অভিন্ন অঙ্গ করে তোলার ওপরও তিনি জোর দেন।

শ্রী মোদী আরও বলেন, আজ এই ক্রমপরিবর্তনশীল সময়ে আমাদের অসুস্থতা রোধ করার পাশাপাশি সার্বিক কল্যাণের ওপরেও অগ্রাধিকার দিতে হবে, যোগচর্চা আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে শক্তিশালী করে তুলতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রাচীন ভারতীয় দর্শন ও যোগের শক্তি এটাই।

তিনি বলেন, খোলা মাঠে বা মাদুরে কিছু সময়ের জন্য অভ্যাসের মধ্যে যোগচর্চা সীমাবদ্ধ নেই, যোগকে আমাদের জীবনে অনুশাসন ও নিষ্ঠা বজায় রাখার ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, যোগ বয়স, বর্ণ, জাতি, সম্প্রদায়, চিন্তাভাবনা, গোঁড়ামি,ধনী্‌ দরিদ্র, রাষ্ট্র ও সীমানার সমস্ত গন্ডী ভেঙে দেয়। আক্ষরিক অর্থেই যোগ সকলের জন্য।

ড্রয়িং রুম থেকে বোর্ড রুম, পার্ক থেকে স্পোর্টস কমপ্লেক্স এবং সড়ক থেকে রোগী কল্যাণ কেন্দ্র পর্যন্ত সর্বত্রই যোগ মানুষের কল্পনাতে প্রভাব ফেলেছে বলেও প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন।

শ্রী মোদী বলেন, যোগ একদিকে যেমন প্রাচীন, অন্যদিকে তেমনই আজও সমান প্রাসঙ্গিক।

শতকের পর শতক ধরে যোগের গুরুত্ব একই রয়েছে। সুস্বাস্থ্য, শান্ত মস্তিষ্ক, উৎসাহ ও উদ্যম – প্রায় সব ক্ষেত্রেই যোগের উপকারিতা স্পষ্ট প্রতীয়মান। তিনি বলেন, যোগ হ’ল – জ্ঞান, কর্ম ও সেবার প্রকৃত মিশ্রণ।

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বই যেহেতু যোগ’কে গ্রহণ করেছে তাই আমাদের এখন যোগ সম্পর্কিত গবেষণায় গুরুত্ব দিতে হবে। তিনি যোগকে ওষুধপত্র, ফিজিও থেরাপি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গেও জুড়ে দেওয়ার কথা বলেন।

CG/BD/SB