পিএমইন্ডিয়া
আন্তর্জাতিক শক্তি সংস্থা – মহাসাগরীয় জ্বালানি ব্যবস্থা (আই ই এ – ও ই এস)-র একটি সদস্য রাষ্ট্র হিসেবে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টিকে অনুমোদন দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভূ-প্রকৃতি সংক্রান্ত বিজ্ঞান সংস্থা জাতীয় মহাসাগরীয় প্রযুক্তি ইনস্টিটিউট হল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সদস্যপদে অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি কেন্দ্রীয় সংগঠন।
এই আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ফলে উন্নতমানের গবেষণা ও প্রযুক্তিগত অন্যান্য সুযোগ-সুবিধার অধিকারী হবে ভারত। এর ফলে, আন্তর্জাতিক চাহিদা ও মান অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারত নিজেকে গড়ে তুলতে পারবে। এছাড়াও, সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ভারত বেশ কয়েকটি কর্মসূচি রূপায়ণের সুযোগও লাভ করবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের রয়েছে এক বিস্তৃত উপকূলরেখা। কিন্তু দেশে বিদ্যুৎ ঘাটতিও রয়েছে বেশ ভালোরকম। এর পরিপ্রেক্ষিতে সমুদ্র ও মহাসাগর থেকে জ্বালানি শক্তি আহরণের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে বিশেষভাবে। এই বিশেষ ক্ষেত্রটির সঙ্গে সংশ্লিষ্ট এক আন্তর্জাতিক সংস্থার অন্যতম সদস্য রাষ্ট্র হিসেবে ভারত জ্বালানি শক্তি সম্পর্কিত এই চাহিদা পূরণের সুযোগ লাভ করবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/DM