Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আয়ূষ চিকিৎসাপদ্ধতি সম্পর্কে হু-এর সঙ্গে ভারতের সহযোগিতা চুক্তি


কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক এবং জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মধ্যে প্রাচীন ও চিরাচরিত চিকিৎসাপদ্ধতি সম্পর্কিত একটি সহযোগিতা স্বাক্ষরের বিষয়টিকে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এই সহযোগিতা চুক্তির আওতায় আয়ূষ চিকিৎসাপদ্ধতির আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতার বিষয়টি বিশেষভাবে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, শিক্ষা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, কর্মশালা, প্রকাশনা এবং বিনিময় কর্মসূচির মধ্য দিয়ে আয়ূষ মন্ত্রক এবং হু বিশ্বে জনসচেতনতার প্রসারে বিশেষ উদ্যোগ নেবে। সহযোগিতা সম্পর্কিত কাজকর্মের ব্যয় বহন করা হবে আয়ূষ মন্ত্রকের বিভিন্ন কর্মসূচির জন্য বরাদ্দকৃত অর্থের সংস্থান থেকে। দু’পক্ষের চুক্তি স্বাক্ষরের পরেই সুনির্দিষ্ট শর্ত ও নিয়মনীতি অনুসারে সহযোগিতা প্রসার সম্পর্কিত কাজগুলি হাতে নেওয়া হবে। যোগ, আয়ুর্বেদ, ইউনানি চিকিৎসাপদ্ধতি এবং পঞ্চকর্ম – এই ভারতীয় চিকিৎসাশাস্ত্র ও পদ্ধতিকে আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করে তুলতে একযোগে কাজ করে যাবে দু’পক্ষই। দীর্ঘমেয়াদি এই চুক্তিটি স্বাক্ষরিত হলে চিরাচরিত ও প্রথাগত চিকিৎসাপদ্ধতি সম্পর্কিত অন্যান্য বিষয়গুলিতেও দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রটিকে আরও সম্প্রসারণ করা সম্ভব হয়ে উঠবে।

PG/SKD/DM