Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এবারের রেল বাজেট যথেষ্ট চিন্তাভাবনা প্রসূত – বললেন প্রধানমন্ত্রী


আজ সংসদে রেলমন্ত্রী শ্রী সুরেশ প্রভুর পেশ করা রেল বাজেট’কে যথেষ্ট ‘চিন্তাভাবনা প্রসূত বাজেট’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেছেন, প্রগতিশীল একটি দেশের সচল রেল ব্যবস্থার প্রতিফলন ঘটেছে এই বাজেট প্রস্তাবে।

রেল বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র মানুষের মর্যাদা, নারী জাতির সম্মান, যুবসমাজের উৎসাহ উদ্দীপনা এবং সাধারণ মানুষের খুশি ও আনন্দ বাস্তবায়িত হয়ে উঠবে এবারের রেল বাজেটের মাধ্যমে। ভবিষ্যতের লক্ষ্যে এই বাজেট যথেষ্ট আশা ও সম্ভাবনাপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত বছরের রেল বাজেটে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার পূর্ণ বিবরণই রয়েছে এই বছরের বাজেটটিতে। গত এক বছরে আমরা অনেক ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছি। এবারের বাজেট আগামীদিনে এই কাজকেই আরও এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, গত দুটি বাজেটের মূলমন্ত্রই ছিল পরিচ্ছন্নতা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য ও প্রযুক্তির উন্নয়ন। এছাড়াও, রেল প্রকল্পগুলি চালু করার ওপরই বেশি জোর দেওয়া হয়েছে, শুধুমাত্র সম্পূর্ণ করার ওপরই নয়। অন্ত্যোদয় এক্সপ্রেস এবং দীনদয়ালু রেল কোচ সংযোজনের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য সুপার ফাস্ট ট্রেনের যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে তার মাধ্যমে দরিদ্র সাধারণ যাত্রীদের কল্যাণে সরকারের অঙ্গীকারের কথাই পুনরুচ্চারিত হয়েছে।

জাতীয় অর্থনীতিতে এই বাজেটের একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন শ্রী নরেন্দ্র মোদী। রেল প্রকল্পগুলির সঠিক পরিচালন, মূলধন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি, প্রযুক্তি তথা তথ্য প্রযুক্তির প্রয়োগ ইত্যাদির মাধ্যমে ভারতীয় রেল এই ব্যবস্থা সম্ভব করে তুলবে।

উত্তর-পূর্বাঞ্চল সহ দেশের অনগ্রসর এলাকাগুলির মধ্যে রেল সংযোগ গড়ে তোলার সরকারি প্রতিশ্রুতি পূরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। রেলের পরিবহণ ক্ষমতার ক্ষেত্রে যে সমস্ত অপ্রতুলতা ছিল, তা দূর করারও প্রচেষ্টা রয়েছে এবারের বাজেটে। গত এক বছরে রেলের কার্যদক্ষতা বাড়াতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শ্রী সুরেশ প্রভুর বাজেট পেশের আগে অনেক বাজেটই আমরা লক্ষ্য করেছি। আমি সেগুলির সমালোচনা করতে চাই না। কিন্তু, পূর্ববর্তী সরকারের বিগত পাঁচ বছরের বাজেট যদি আমরা পর্যালোচনা করি, তা হলে দেখতে পাই যে, সুরেশ প্রভুজীর বাজেটে বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে পূর্ববর্তী সরকারের বিনিয়োগ প্রস্তাবের তুলনায় আড়াই গুণ বেশি।

শ্রী মোদী তাঁর প্রতিক্রিয়ায় আরও বলেছেন, জাতিকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, রেলের সম্প্রসারণে রাজ্য সরকারগুলির উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ। এজন্য একটি বিস্তারিত রূপরেখাও ছকে ফেলা হয়েছে। এরই পাশাপাশি, রেলের কর্মী এবং যাত্রী সাধারণের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। ব্যয়ের ক্ষেত্রে শৃঙ্খলা, পরিচালনের ক্ষেত্রে দক্ষতা এবং গ্রাহক পরিষেবার ক্ষেত্রে জোর দেওয়াই আমার সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। তারই প্রতিফলন ঘটেছে এই বাজেটটিতে।

পরিশেষে, রেলমন্ত্রী শ্রী সুরেশ প্রভু সহ সমগ্র রেল পরিবার এবং রেলওয়ে টিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন শ্রী নরেন্দ্র মোদী।

PG/SKD/SB/S