Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারত-ইরান সহযোগিতা চুক্তি : কর্মপরবর্তী অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


এ বছর ১৭ ফেব্রুয়ারি ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা প্রসার চুক্তিটি আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

এই চুক্তির আওতায় কৃষিশস্য উৎপাদন প্রচেষ্টা, কৃষির সম্প্রসারণ, উদ্যানপালন, কৃষি যন্ত্রাংশ ও সাজসরঞ্জাম, ফসল তোলার ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ, গাছপালার জন্য বিশেষ ও পৃথক সংরক্ষণ ব্যবস্থা, ঋণ সহায়তার যোগান ইত্যাদি ক্ষেত্রে ভারত ও ইরান পরস্পরের মধ্যে সহযোগিতা প্রসার করবে। এছাড়াও, মাটি সংরক্ষণ, জল ব্যবস্থাপনা, সুসংবদ্ধ কৃষি সার ব্যবস্থাপনা, বীজ প্রযুক্তি এবং কৃষি বিপণন ক্ষেত্রেও দুটি দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে যাবে। পশুপালন, দুধ উৎপাদন, পশুস্বাস্থ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা প্রসারও এই চুক্তির অন্যতম শর্ত। কৃষি ও কৃষি প্রযুক্তি বিশেষজ্ঞদের সফরসূচি বিনিময়, তথ্যের আদানপ্রদান, বিজ্ঞানী ও প্রশিক্ষণার্থীদের বিনিময় সফর, প্রশিক্ষণ কর্মসূচি, কৃষি প্রযুক্তির বিকাশ ও প্রসার সম্পর্কিত কর্মশালা ও সম্মেলনের আয়োজন ইত্যাদিও রয়েছে চুক্তির শর্তাবলীর মধ্যে।

স্থির হয়েছে যে স্বাক্ষরিত চুক্তির আওতায় একটি যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীও গঠন করা হবে। মউ-এর শর্ত পূরণে প্রয়োজনীয় কাজকর্ম নিরন্তর করে তোলার বিষয়টির ওপর নজর রাখবে এই গোষ্ঠী।

চুক্তিটি প্রাথমিকভাবে কার্যকর থাকবে পাঁচ বছরের জন্য। তবে, দু’দেশের সম্মতিসাপেক্ষে এর মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো যেতে পারে।

PG/SKD/DM/