পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৮ মে, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ২০২৫-২৬ অর্থবর্ষে পুনর্মার্জিত সুদ ছাড় প্রকল্প বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। সুদে ১.৫ শতাংশ ছাড় থাকছে। এ জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করার ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
পুনর্মার্জিত সুদ ছাড় প্রকল্প বা মডিফায়েড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম (এমআইএসএস)-এর আওতায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কম সুদে কৃষকদের স্বল্প মেয়াদী ঋণ দেওয়া হয়।
এই ঋণ পরিশোধের ক্ষেত্রে প্রদেয় সুদে ১.৫ শতাংশ ছাড় থাকে। প্রযোজ্য হয় ৭ শতাংশ সুদের হার। ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এই প্রকল্পের আওতায়।
সময় মতো শীঘ্র ঋণ পরিশোধ করলে সুদে আরও ৩ শতাংশ ছাড় মেলে। সেক্ষেত্রে সুদের হার দাঁড়ায় ৪ শতাংশে।
পশুপালন কিংবা মৎস্য চাষের জন্য ঋণ নিলে সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা।
দেশে ৭.৭৫ কোটি কিষাণ ক্রেডিট কার্ড খাতা রয়েছে। কৃষি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঋণদান ব্যবস্থাপনাকে জোরদার করা সরকারের অন্যতম লক্ষ্য।
কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদত্ত ঋণের পরিমাণ ২০১৪ সালে ছিল ৪.২৬ লক্ষ কোটি টাকা। ২০২৪-এর ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ১০.০৫ লক্ষ কোটি টাকায়।
সামগ্রিকভাবেই কৃষি ঋণের পরিমাণ অনেকটা বেড়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে প্রদত্ত ঋণের পরিমাণ ছিল ৭.৩ লক্ষ কোটি টাকা – যা ২০২৩-২৪-এ দাঁড়িয়েছে ২৫.৪৯ লক্ষ কোটি টাকায়।
কৃষি ঋণদান প্রণালী আরও নিয়মানুগ হয়েছে ২০২৩-এর অগাস্টে কিষাণ ঋণ পোর্টালের মতো ডিজিটাল ব্যবস্থাপনা চালু হওয়ায়।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কৃষকদের আয় দ্বিগুণ করা, গ্রামীণ ঋণ পরিমণ্ডলকে শক্তিশালী করা এবং কৃষি ক্ষেত্রের বিকাশে সরকারের দায়বদ্ধতাকে তুলে ধরে।
SC/AC/SKD