Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা অনিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্প নিষিদ্ধকরণ বিল, ২০১৮ সংক্রান্ত সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে


 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্প বন্ধে এ সংক্রান্ত ২০১৮ সালের বিলে সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮-র ১৮ই জুলাই অনিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্প নিষিদ্ধকরণ বিল, ২০১৮ পেশ করা হয়েছিল। পরে, বিলটিকে অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হয়। এ বছরের তেসরা জানুয়ারি কমিটি এ বিষয়ে তাদের রিপোর্ট দিয়েছে। বিলটিতে প্রস্তাবিত সংশোধনীগুলির ফলে দেশে বেআইনি চিটফান্ডের সমস্যা মোকাবিলায় আইনটি আরও কঠোর হবে। এর ফলে, দেশে দরিদ্র মানুষের কষ্টার্জিত অর্থ নয়ছয় প্রতিরোধ করা সম্ভব হবে।

বিলটিতে, অনিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্পকে তুলে ধরা, কাজ চালানো এবং এ বিষয়ে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করার সংস্থান আছে। এছাড়া, কোনভাবেই এই ধরণের চিটফান্ড প্রকল্পে অর্থ সংগ্রহ করা যাবে না। সংশোধনীগুলির নীতি হচ্ছে, অনিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্পে অর্থ সংগ্রহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। বর্তমানে প্রচলিত ব্যবস্থায় বেআইনি লগ্নি প্রকল্পে অর্থ সংগ্রহের পর আইনগত ব্যবস্থার সংস্থান রয়েছে। বিলটিতে এই ধরণের অনিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্প চালানো, নিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্পে প্রতারণামূলক খেলাপি এবং চিটফান্ড প্রকল্পে অর্থ লগ্নির জন্য মানুষকে প্রলোভিত করার কাজকে অপরাধ হিসাবে গণ্য করার কথা বলা হয়েছে। বিলটিতে অপরাধীদের জন্য কঠোর শাস্তি ও বিরাট পরিমাণ অর্থ জরিমানার সংস্থান রয়েছে। এছাড়াও, বিলটিতে বেআইনিভাবে চিটফান্ডের জন্য সংগৃহীত অর্থ ফেরৎ দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এতে চিটফান্ডের সংগঠক বা মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে সঞ্চয়কারী বা গ্রাহকের টাকা ফেরতের সংস্থান রাখা হয়েছে। এই ধরণের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তা বিক্রি করে গ্রাহকদের ফেরৎ দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। সারা দেশে সমস্ত ধরণের অর্থ সঞ্চয় সংগ্রহের তথ্য একটি অনলাইন কেন্দ্রীয় তথ্যভাণ্ডের তৈরি করে সেখানে রাখা হবে। বিলটিতে ‘সঞ্চয় সংগ্রাহক’ এবং ‘সঞ্চয়’-এর সার্বিক সংজ্ঞা দেওয়া হয়েছে। আইন দ্বারা অনুমোদিত বিশেষ কয়েকটি ক্ষেত্র বাদে কোন ব্যক্তি বা সংস্থান সঞ্চয় প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ বা অর্থ সংগ্রহের জন্য উৎসাহদান করলেই তাকে ‘সংগ্রাহক’ হিসাবে ধরা হবে। বিলটিকে কার্যকর করার প্রাথমিক দায়িত্ব রাজ্য সরকারগুলির হাতে থাকবে। সাম্প্রতিক সময়ে সারা দেশ জুড়ে বেআইনি চিটফান্ড সমস্যা মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

CG/PB/DM