Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফও-র মাসিক বেতনসীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে


নয়াদিল্লি, ১৬  সেপ্টেম্বর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কর্মচারি ভবিষ্যনিধি তহবিল সংগঠনের (এমপ্লয়িজ প্রোভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-ইপিএফও) মাসিক বেতনসীমা ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫,০০০ টাকা করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইপিএফও-র আওতায় আরও ৫১ লক্ষ কর্মী যুক্ত হবেন। ফলে আরও বেশি সংখ্যক শ্রমিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনার আওতায় আসবেন। 

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এক দশক ধরে ইপিএফও-র বেতনসীমা অপরিবর্তিত ছিল। এরপর ২০১৪ সালের সেপ্টেম্বরে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে ১৫,০০০ টাকা করা হয়। বর্তমান সিদ্ধান্তটি সেই নীতিকে অনুসরণ করার প্রতিফলন। এখন  সেই বেতনসীমা বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হবে। বিগত বছরগুলিতে ধারাবাহিকভাবে বেতন বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রসারের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বর্তমানে, কেউ যদি নতুন কোন কাজে প্রতি মাসে ১৫,০০০ টাকার বেশি বেতনে চাকরিতে যোগ দেন, তবে তিনি স্বয়ংক্রিয়ভাবে ইপিএফ কাঠামোর আওতাভুক্ত হন না।  ফলে তিনি বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং সংশ্লিষ্ট বীমা সুরক্ষার আওতার বাইরে থেকে যেতে পারেন। বেতনসীমা ২৫,০০০ টাকায় বৃদ্ধি করার ফলে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকা বেতনভুক্ত কর্মীদের একটি বড় অংশ বিধিবদ্ধ সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় যুক্ত হবেন। 

এই অনুমোদনের ফলে সংশ্লিষ্ট প্রকল্পের বিধান অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়, এমপ্লয়িজ পেনশন স্কিম (ইপিএস)-এর অধীনে পেনশন সুরক্ষা এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স স্কিম (ইডিএলআই)-এর আওতায় বীমা সুরক্ষার সুবিধা পাওয়ার সুযোগ আরও প্রসারিত হবে। পাশাপাশি বিধিবদ্ধ অনুদান এবং পেনশন-যোগ্য বেতনের কাঠামোটি বর্তমান বেতন-স্তরের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। 

প্রস্তাবটি এর আগে বিস্তারিতভাবে বিভিন্ন মন্ত্রকের মধ্যে আলোচিত হয়েছে।  এর পর ১৬ জুন এক বৈঠকে ‘এক্সপেন্ডিচার ফাইন্যান্স কমিটি’ (ব্যয় বিষয়ক অর্থ কমিটি) এই সংক্রান্ত প্রয়োজনীয় সুপারিশ করে। বর্তমানে বার্ষিক বাজেট সহায়তা হিসেবে প্রায় ১০,২৫০ কোটি টাকা বরাদ্দ থাকলেও, এই প্রস্তাবের ফলে সরকারের বার্ষিক ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১১,৩৩৯ কোটি টাকা। প্রস্তাবটি কার্যকর হলে পাঁচ বছরে মোট আনুমানিক ব্যয়ের পরিমাণ প্রায় ৫৬,৬৯৬ কোটি টাকা। 
 
ইপিএফও  বিশ্বের অন্যতম বৃহত্তম সামাজিক সুরক্ষা ব্যবস্থা পরিচালনা করে থাকে। এর অধীনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ পেনশন স্কিম এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম পরিচালিত হয়। ইপিএফও-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রায় ৭.৬৮ লক্ষ প্রতিষ্ঠানের প্রায় ৭.৯৮ কোটি সদস্য নিয়মিতভাবে অর্থ প্রদান করেন এবং ইপিএস-এর মাধ্যমে প্রায় ৮২ লক্ষ পেনশনভোগী সুবিধা পাচ্ছেন। অন্যদিকে, ইডিএলআই ইপিএফ সদস্যপদের সঙ্গে যুক্ত বিমা সুরক্ষা প্রদান করে। 

ভারতের বিকাশের মূলে রয়েছেন দেশের কর্মীবাহিনী। মজুরি বৃদ্ধি, আয়-বৃদ্ধি এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রসার ঘটানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের গুরুত্বর কথা বিবেচনা করে  শ্রমিকদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে। ইপিএফও-র মজুরি সীমা বৃদ্ধির ফলে সামাজিক সুরক্ষা কাঠামোও এই অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানে নিয়োজিত আরও বেশি সংখ্যক শ্রমিক বিধিবদ্ধ সামাজিক সুরক্ষার আওতায় আসবেন।  
  

 

SC/CB/NS