পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নিউইয়র্কের প্রচার মাধ্যম ও বিনোদন ক্ষেত্রের শীর্ষস্থানীয় মার্কিন সি.ই.ও.’দের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী স্বয়ং।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উৎসাহব্যঞ্জক ও সচল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সি.ই.ও.’রা। সেই সঙ্গে, ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কেও তাঁরা বিশেষ আশাবাদী বলে ঘোষণা করেন। সি.ই.ও.রা বিশেষ করে উৎসাহ দেখান ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি সম্পর্কে। তাঁরা বলেন যে, ভারতীয় অর্থনীতিতে বর্তমানে যে উন্নয়নের নতুন জোয়ার এসেছে তা এক্ষেত্রে বিকাশের গতিকে আরও ত্বরান্বিত করবে। একইসঙ্গে তাঁরা টেলিভিশন ব্যবস্থাকে দ্রুত ডিজিটাল করে তুলতে এবং সেলুলার তথা মোবাইল পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলতে বৈঠকে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সি.ই.ও.’রা এই মর্মে একমত হন যে, সাম্প্রতিককালে প্রচার মাধ্যম ও প্রযুক্তি ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন সূচিত হয়েছে তার ফলে জ্ঞানের জগতে গণতান্ত্রিকতার ব্যাপক প্রসার ঘটেছে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন প্রযুক্তিচালিত এক যুগের মধ্য দিয়ে চলেছে, যেখানে ব্যবহারিক পরিকাঠামোর সঙ্গে সঙ্গে ডিজিটাল পরিকাঠামোর উন্নয়নও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারতে এখন বড় ধরণের সুযোগ এবং বিশেষ বিশেষ চ্যালেঞ্জ রয়েছে, যা সি.ই.ও.’রা ভারতে বিনিয়োগের মাধ্যমে কাজে লাগাতে পারেন। তবে, এক্ষেত্রে অবশ্যই তাঁদের আঞ্চলিক ভাষার কথাটি মনে রাখতে হবে। আর এইভাবেই তাঁরা তাঁদের বিনিয়োগের পরিকল্পনা তৈরি করতে পারেন। ভারতের ছয় লক্ষ গ্রামকে ব্রডব্যান্ড সংযোগের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি সি.ই.ও.দের অবহিত করেন। একুশ শতকের নাগরিকদের কথা চিন্তা করে সেইভাবে তৈরি থাকার জন্য তিনি সি.ই.ও.দের আহ্বান জানান। মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির যে বিশেষ একটি ভূমিকা রয়েছে সেকথাও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরেন। গণতন্ত্রকে আরও মজবুত করে তুলতে এবং ভারতের উন্নয়নের প্রেক্ষাপটে ডিজিটাল প্রযুক্তির এক প্রধান ভূমিকা রয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
গোলটেবিল বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা হলেন – নিউজ কর্প এবং টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান রুপার্ট মার্ডক, টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের সি.ই.ও. জেমস্ মার্ডক, নিউজ কর্প-এর সি.ই.ও. রবার্ট থমসন, স্টার ইন্ডিয়ার সি.ই.ও. উদয় শঙ্কর, ডিসকভারি কম্যুনিকেশনস্ – এর প্রেসিডেন্ট তথা সি.ই.ও. ডেভিড জাসলভ, সোনি এন্টারটেইনমেন্ট-এর সি.ই.ও. মাইকেল লিনটন, ইন্টার পাবলিক গ্রুপ অফ কোম্পানিজ-এর সি.ই.ও. মাইকেল রথ, ভাইস মিডিয়ার সি.ই.ও. শেন স্মিথ, ডব্লিউ.পি.পি.-এর সি.ই.ও. মার্টিন সোরেল, টাইম ওয়ার্নারের সি.ই.ও. জেফ বিউকস্, এ. অ্যান্ড ই. নেটওয়ার্কস্-এর সি.ই.ও. ন্যানসি ডিউবাক, ভাইসি ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান অ্যান্টনি প্র্যাট, রুট ওয়ান ইনভেস্টমেন্ট কোম্পানির প্রতিনিধি উইলিয়াম ডাহামেল এবং ভ্যালু অ্যাক্ট ক্যাপিটালের সি.ই.ও. জেফ উবেন।
PG/SKD/SB
PM @narendramodi at the round table on media, technology and communication. pic.twitter.com/dvSf0CIgxQ
— PMO India (@PMOIndia) September 24, 2015
Met top American CEOs from media & entertainment sector. They were enthusiastic about the change @_DigitalIndia initiative in driving.
— Narendra Modi (@narendramodi) September 25, 2015