পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা জাতীয় তপশিলি জাতি লগ্নি ও উন্নয়ন নিগম (এন এস এফ ডি সি)-এর অনুমোদিত শেয়ার মূলধন ১,০০০ কোটি টাকা থেকে ১,২০০ কোটি টাকায় উন্নীত করার বিষয়টি অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকটি আজ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।
এই তহবিল বৃদ্ধি সংস্থার অর্থনৈতিক কাজকর্মকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। দারিদ্রসীমার নীচে বসবাসকারী তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন। কারণ, অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তপশিলি জাতিভুক্ত সাধারণ মানুষের কল্যাণে বর্ধিত তহবিলের সাহায্যে আরও বেশি করে বিনিয়োগ সম্ভব হয়ে উঠবে। ২০১৫-১৬ আর্থিক বছরে সংস্থার লক্ষ্য হল ৬৩,০০০ তপশিলি জাতিভুক্ত মানুষকে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির আওতায় নিয়ে আসা।
উল্লেখ্য, দেশের ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৭টি এজেন্সি মারফৎ এন এস এফ ডি সি তাদের কর্মসূচিগুলি রূপায়িত করে। এছাড়াও, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মাধ্যমেও এই কাজ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রয়োজনে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক সহ অন্যান্য প্রতিষ্ঠানেরও সাহায্য ও সহযোগিতা গ্রহণ করা হতে পারে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার আওতায় যে সমস্ত মানুষকে নিয়ে আসা হয়েছে তাদের স্বনির্ভর কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় সুবিধাজনক হারে ঋণ সহায়তা দিয়ে থাকে এই সংস্থাটি। তপশিলি জাতিভুক্ত বেকার মানুষদের দক্ষতা ও শিল্পোদ্যোগ সংক্রান্ত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয় এন এস এফ ডি সি-র পক্ষ থেকে।
PG/SKD/DM/