পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ দিল্লির বেআইনি কলোনীগুলির ৪০ লক্ষ বসবাসকারীকে বাসস্থানের মর্টগেজ অথবা বসবাসের স্বীকৃতিদানের ব্যাপারে সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার এই প্রস্তাব কার্যকর করার জন্য সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত বিল পেশ করা হবে।
মন্ত্রিসভার আজকের এই সিদ্ধান্তের ফলে দিল্লির বেআইনি কলোনীগুলিতে বসবাসকারী ৪০ লক্ষ মানুষ উপকৃত হবেন। দিল্লির প্রায় ১৭৫ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এ ধরনের কলোনী রয়েছে। এই সিদ্ধান্ত এ ধরনের অঞ্চলগুলির উন্নয়ন বা পুনরুন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর ফলে, কলোনীগুলির বাস্তব চালচিত্র পাল্টে গিয়ে এক পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর বসবাসযোগ্য এলাকায় পরিণত হবে। এছাড়াও, বেআইনি কলোনীগুলির বাসিন্দাদের মৌলিক পরিকাঠামো তথা বুনিয়াদী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার দরুণ যে সমস্ত বড় সমস্যার সম্মুখীণ হতে হয়, তা দূর করা সম্ভব হবে। এই বিল কার্যকর হলে, সম্পত্তির নথিপত্রের স্বীকৃতি লাভের ফলে এ ধরনের কলোনীগুলির সম্পত্তির মালিকরা বৈধ সম্পত্তি লেনদেনের অধিকার পাবেন। সম্পত্তির আইনি অধিকার স্বীকৃত হওয়ার ফলে সম্পত্তির মালিকরা একদিকে যেমন উপযুক্ত বাসস্থান নির্মাণে খরচ করতে পারবেন, অন্যদিকে তেমনই কলোনীগুলিতে বসবাসের উপযোগী অনুকূল বাতাবরণও গড়ে উঠবে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দিল্লির চিহ্নিত ১ হাজার ৭৯৭টি বেআইনি কলোনীতে বসবাসকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ধরনের কলোনীগুলিতে কম আয়ের মানুষ বসবাস করেন। অবশ্য, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ পৃথকভাবে যে ৬৯টি কলোনীকে চিহ্নিত করেছে, মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত সেগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বাসস্থানের অধিকার সংক্রান্ত মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে কার্পেট এরিয়া বা প্লট এলাকার ভিত্তিতে জায়গার মূল্য স্থির হবে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, বেআইনি কলোনীর বাসিন্দাদের সুবিধার্থে জায়গার জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, উইল, বিক্রয় ও ক্রয় সংক্রান্ত স্বীকৃতির জন্য একটি বিল সংসদের আগামী অধিবেশনে পেশ করা হবে। এই বিলে জমি-জায়গার হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মাশুল ও স্ট্যাম্প ডিউটি সংগ্রহের সংস্থান থাকছে। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ সম্পত্তি রেজিস্ট্রেশন ইস্যু করার জন্য একটি সহজ প্রক্রিয়া প্রণয়ন করবে। বেআইনি কলোনীগুলির সীমানা নির্ধারণের দায়িত্ব থাকছে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে। এমনকি, কলোনীর বাসিন্দাদের সুবিধার্থে কোনও জরিমানা বা অতিরিক্ত উন্নয়নমূলক মাশুল ধার্য করা হচ্ছে না।
**************
CG/BD/SB…