Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দীর্ঘমেয়াদি ভিসায় এ দেশে বসবাসকারীব্যক্তিদের জন্য কয়েকটি বিশেষ সুযোগ-সুবিধাদানের প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভায়


আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত নাগরিক দীর্ঘমেয়াদি ভিসা (এলটিভি) নিয়ে ভারতে আসবেন তাঁদের জন্য কয়েকটি সুযোগ-সুবিধাদানের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ স্থির হয় যে ঐ দেশগুলি থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রীষ্ট ধর্মাবলম্বী নাগরিক দীর্ঘমেয়াদি ভিসার ভিত্তিতে এ দেশে অবস্থান করবেন, তাঁদের কতকগুলি অসুবিধা দূর করার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ঐ বিদেশি নাগরিকরা দীর্ঘমেয়াদি ভিসায় এ দেশে অবস্থানকালে :

• ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

• নিজে বাস করার জন্য অথবা স্বনির্ভর কর্মসংস্থানের লক্ষ্যে সম্পত্তি ক্রয় করতে পারবেন।

• স্বনির্ভর কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন।

• ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ও আধার কার্ড পাওয়ারও সুযোগ পাবেন।

• এ দেশে অবস্থানকালে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিনা বাধায় যাতায়াত করতে পারবেন।

• এক রাজ্য থেকে অন্য রাজ্যে তাঁদের দীর্ঘমেয়াদি ভিসা স্থানান্তর করার সুযোগ পাবেন।

• সঠিক সময়ে স্বল্পমেয়াদি ভিসার পুনর্নবীকরণ বা এলটিভি-র জন্য আবেদন না করলে পেনাল্টি থেকে মুক্তি পাবেন।

• বর্তমান বাসস্থান থেকেই এলটিভি-র জন্য আবেদন জানাতে পারবেন যদিও অনুমতি ছাড়াই তাঁরা ইতিমধ্যেই নতুন জায়গায় স্থানান্তরিত হয়ে থাকেন।

২০০৯-এর নাগরিকত্বের নিয়মকানুন সংশোধনের ফলে নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রেও এই ব্যক্তিরা কিছু কিছু সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিভিন্ন জেলাশাসক ও কালেক্টরদের ক্ষমতা দেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে আনুগত্যের শপথ গ্রহণ করানোর জন্য। দেশের সাতটি রাজ্যের ১৬টি জেলার কালেক্টরদের হাতে এই ক্ষমতা দেওয়া হবে দু’বছরের জন্য। এই রাজ্যগুলি হল ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশ। জেলাগুলি হল – রায়পুর, আমেদাবাদ, গান্ধীনগর, কচ্ছ, ভোপাল, ইন্দোর, নাগপুর, মুম্বাই, পুণে, থানে, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, যোধপুর, জয়সলমীর, জয়পুর ও লক্ষ্ণৌ।

নাগরিকত্বের নথিভুক্তির জন্য বর্তমানে ৩ হাজার টাকা থেকে ১৫ হাজার পর্যন্ত যে ফি গ্রহণ করা হয়, তা হ্রাস করে করা হবে ১০০ টাকা।

PG/SKD/DM/S