পিএমইন্ডিয়া
নতুন দিল্লির নাজাফগড়ে ৯৫ কোটি টাকা ব্যয় করে একটি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব মঞ্জুর করে জানানো হয় যে নাজাফগড় এলাকার ৭৩টি গ্রামের ১৩ লক্ষ ৬৫ হাজার মানুষের কল্যাণে সেখানকার গ্রামীণ স্বাস্হ্যকেন্দ্রের জমিতে ২ বছরের মধ্যে এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করা হবে।
হাসপাতালটি চালু হলে মহিলা ও শিশু সহ স্হানীয় মানুষের স্বাস্হ্য পরিষেবার বহুদিনের অভাব পূরণ হবে। হাসপাতালে মেডিসিন, স্ত্রীরোগ, শিশুরোগ ও শল্য চিকিৎসার চারটি পূর্ণ বিভাগ থাকবে। এছাড়া ব্লাডব্যাঙ্ক, রোগনির্ণয় ব্যবস্হা, জেনারেল মেডিসিনের বর্হিবিভাগ, শল্য বিভাগ, দন্ত চিকিৎসা, ইএনটি, চোখ, অডিওমেট্রি এবং শিশুরোগ বিভাগে চিকিৎসার জন্য ৩০ জন ডাক্তার ও ৪০ জন নার্সকে নিয়োগ করা হবে। আরও ৫০ জন স্বাস্হ্যকর্মীকেও নিয়োগ করা হবে।
আগামী ২০২০-র মে মাসের মধ্যে হাসপাতালের প্রতিটি বিভাগ চালু করা যাবে বলে আশা করা হচ্ছে।
CG /SC/NS