Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত ‘ভারত-নিউজিল্যান্ড: উইনিং পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত ‘ভারত-নিউজিল্যান্ড: উইনিং পার্টনারশিপ’ শীর্ষক  অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১১ জুলাই ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আয়োজনে ‘ভারত-নিউজিল্যান্ড: একটি সফল অংশীদারিত্ব’ শীর্ষক এক বিশেষ মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগ দেন। রাজনীতি, ব্যবসা, শিল্প, শিক্ষা ও গবেষণা, প্রযুক্তি, ক্রীড়া এবং শিল্পকলা – বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী লাক্সন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও পারস্পরিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে একটি যৌথ রূপরেখা বা ভিশন তুলে ধরেন। প্রধানমন্ত্রী মোদী উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের বিষয়টির ওপর আলোকপাত করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার বিষয়টিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এর ফলে বর্তমান সহযোগিতা আরও সুদৃঢ় হবে। তিনি বলেন যে, রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন হওয়া ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) উভয় দেশের ব্যবসায়ী, তরুণ সমাজ ও কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

মধ্যাহ্নভোজের পর, প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী লাক্সন অনুষ্ঠানস্থলে প্রদর্শিত উদ্ভাবনী ক্রীড়া সরঞ্জামগুলি ঘুরে দেখেন। তাঁরা নিউজিল্যান্ডের কৃতী ক্রীড়াবিদ এবং উচ্চ-মানের ক্রীড়া কার্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের সঙ্গেও মত বিনিময় করেন। উভয় পক্ষের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে ১০০ বছরের সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে, এই সফরকালে গৃহীত ‘যৌথ ক্রীড়া কর্ম পরিকল্পনা’ উভয় দেশকে ক্রিকেটের বাইরেও ক্রীড়া সম্পর্ক সম্প্রসারণে সহায়তা করবে। ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণের যে আকাঙ্ক্ষা উভয় পক্ষের রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সফরটি অনুষ্ঠিত হয় – বিশেষ করে ভারত যখন ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। 

 

SC/MP/AS