পিএমইন্ডিয়া
দ্বিপাক্ষিক পর্যটনের প্রসার ও উন্নয়নে ভারত ও কম্বোডিয়ার মধ্যে সম্পাদিত সমঝোতা স্বাক্ষরের বিষয়টিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ এই বিষয়টিকে কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, ভারতের উপ-রাষ্ট্রপতির কম্বোডিয়া সফরকালে গত ১৬ সেপ্টেম্বর, ২০১৫ তারিখে দু’দেশের মধ্যে এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়। এ ব্যাপারে দু’দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল – পর্যটন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার ও উন্নয়ন; পর্যটন সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যানের বিনিময়; হোটেল কর্তৃপক্ষ ও পর্যটন ব্যবস্থাপক সহ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারদের মধ্যে সহযোগিতার বিষয়টিকে উৎসাহদান; মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে বিনিময় কর্মসূচির সূচনা; পর্যটন ও আতিথেয়তার ক্ষেত্রগুলিতে বিনিয়োগ; দ্বিপাক্ষিক পর্যটনের প্রসার ও উন্নয়নে ট্যুর ব্যবস্থাপক, প্রচার মাধ্যম এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য বিনিময় সফরের ব্যবস্থা; পর্যটন উন্নয়ন, বিপণন, পর্যটন গন্তব্যের বিকাশ এবং পরিচালনগত অভিজ্ঞতা বিনিময়; পর্যটন মেলা ও প্রদর্শনীতে একে অন্যের দেশে অংশগ্রহণ এবং পর্যটনকে নিরাপদ, সম্মানজনক ও নিরন্তর একটি উদ্যোগ হিসেবে তুলে ধরা।
উল্লেখ্য, ভারত ও কম্বোডিয়া এই দুটি দেশের মধ্যে রয়েছে এক আন্তরিক মৈত্রী সম্পর্ক। ভারত সরকার কম্বোডিয়ার নাগরিকদের জন্য বৈদ্যুতিন পর্যটন ভিসাও চালু করেছে। এর ফলে, উৎসাহী পর্যটকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ধারণা।
PG/SKD/SB/S