পিএমইন্ডিয়া
প্যারিস চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০১৫-র ডিসেম্বরে সংশ্লিষ্ট দেশগুলির ২১তম সম্মেলনে যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব গৃহীত হয়, তাতে ঐ সম্মেলনে অংশগ্রহণকারী একটি দেশ হিসেবে স্বাক্ষর করবে ভারত। ভারতের পক্ষে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করবেন কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী প্রকাশ জাভড়েকর। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব মিঃ বান কি মুনের আহ্বানে উচ্চ পর্যায়ের যে স্বাক্ষরদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ২২ এপ্রিল তাতেই প্যারিস চুক্তি গ্রহণে সম্মত দেশগুলির পক্ষ থেকে স্বাক্ষর করা হবে।
প্যারিস চুক্তিটি হল বিশ্ব জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এক দিকচিহ্ন বিশেষ। এর আওতায় সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলির রূপায়ণ ত্বরান্বিত হয়ে উঠবে। ভিন্ন ভিন্ন জাতীয় পরিস্থিতিতে নিজস্ব সামর্থ্য ও দায়িত্ব অনুযায়ী সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় গৃহীত প্রস্তাব রূপায়ণে উদ্যোগী হবে।
PG/SKD/DM/S