Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রগতি ময়দানে ৩.৭০ এবার জমির আধুনিকীকরনে মন্ত্রীসভার অনুমোদন


প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারের (১৩ জুন) বৈঠকে নতুন দিল্লির প্রগতি ময়দানে ৩.৭০ একর জমির আধুনিকীকরনের জন্য ভারতীয় বাণিজ্য প্রসার সংগঠনকে (আইটিপিও) দীর্ঘমেয়াদী ভিত্তিতে ৯৯ বছরের লীজ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এক স্বচ্ছ প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি ক্ষেত্র সহ একটি তৃতীয় পক্ষ এই জমিতে হোটেল নির্মাণ করে তা চালাবে।

প্রগতি ময়দানের পুনরোন্নয়ন প্রকল্পের এটি প্রথম পর্যায়। সুসংহত প্রর্দশনী তথা সম্মেলন কেন্দ্র সংক্রান্ত এই প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ২০১৭-র জানুয়ারি মাসে অনুমোদন করে। সেই সময় প্রকল্প খাতে খরচ ধরা হয়েছিল ২ হাজার ২৫৪ কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক শিল্প প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্র গড়ে তোলার সংস্হান ছিল। যেখানে সাত হাজার মানুষের বসার বন্দোবস্ত থাকছে। এছাড়াও, বেসমেন্ট এরিয়ায় ৪ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্হা থাকবে। প্রগতি ময়দানের পার্শ্ববর্তী এলাকায় যানজট এড়ানোর ব্যবস্হাতেও এই প্রকল্প সাহায্য করবে।

এই জমির আধুনিকীকরণের ফলে যে তহবিল তৈরি হবে, তা প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্র নির্মাণে খরচ করা হবে। শীর্ষ পর্যায়ের বৈঠক আয়োজনের পাশাপাশি বাণিজ্য প্রসারের জন্যও প্রদর্শনী তথা অনুষ্ঠান স্হলটিকে কেন্দ্র ও রাজ্য সরকারের স্বার্থে ব্যবহার করা হবে।

প্রকল্প নির্মাণ ও যানজট সমস্যার সমাধানের কাজ পুরোদমে চলেছে। ভারতীয় বাণিজ্য প্রসার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমগ্র প্রকল্পের নির্মাণ কাজ ২০১৯-র সেপ্টেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। এই প্রকল্প ভারতীয় বাণিজ্য ও শিল্পের জন্য লাভজনক হবে এবং ভারতের বৈদেশিক বাণিজ্য বাড়াতে সাহায্য করবে।

CG/BD/NS/