Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা

প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা


নতুন দিল্লি, ১৭ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হেগ-এ অবস্থিত ডাচ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (ক্যাটশুইস)-এ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেন।
দুই প্রধানমন্ত্রী ভারত-নেদারল্যান্ডস সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও আস্থার প্রতিফলন হিসেবে, এবং ক্রমবর্ধমান ঐকমত্য ও সহযোগিতার প্রেক্ষিতে, উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি “কৌশলগত অংশীদারিত্ব”-এর স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদীয়মান ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি, সামুদ্রিক খাত, নবায়নযোগ্য শক্তি এবং শিক্ষা – এই ক্ষেত্রগুলোতে সহযোগিতা গভীর করার লক্ষ্যে তাঁরা একটি উচ্চাভিলাষী কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করতেও সম্মত হন। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি এবং উদ্ভাবন সংক্রান্ত অংশীদারিত্বের প্রসারের বিষয়টি উল্লেখ করে নেতারা অভিমত প্রকাশ করেন যে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ইতিবাচক ধারা বর্তমানে প্রবহমান, তা ডাচ কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসায়িক সুযোগের দ্বার উন্মোচন করেছে।
উভয় নেতা উচ্চপর্যায়ের ধারাবাহিক আলোচনার ফলে দ্বিপাক্ষিক সহযোগিতায় যে অগ্রগতি সাধিত হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন। ‘ডাব্লুএএইচ’ [জল, কৃষি এবং স্বাস্থ্য] খাতে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে তাঁরা বৃহৎ পরিসরের জল ব্যবস্থাপনা প্রকল্পগুলোতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ‘জল বিষয়ক কৌশলগত অংশীদারিত্ব’-কে আরও জোরদার করতে সম্মত হন। দুই প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা গবেষণা, ডিজিটাল স্বাস্থ্য, কৃষি এবং খাদ্য নিরাপত্তা – সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ক্রমবর্ধমান সহযোগিতাকে স্বাগত জানান।
আলোচনা চলাকালীন, নেতারা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ‘ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি’-র রূপান্তরমূলক সম্ভাবনার কথা স্বীকার করে তাঁরা এই চুক্তিটি দ্রুত স্বাক্ষর ও বাস্তবায়নের আহ্বান জানান। তাঁরা আরও দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে ভারত ও নেদারল্যান্ডসের পারস্পরিক সহযোগিতা একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সহায়ক হবে।
দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর-সহ বিভিন্ন উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতার আহ্বান জানান। তাঁরা দুই দেশের তরুণদের অংশগ্রহণে ‘হ্যাকাথন’ আয়োজনের বিষয়টিতেও উৎসাহ প্রদান করেন। নবায়নযোগ্য শক্তি খাতে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে তাঁরা একটি সুস্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ‘গ্রিন হাইড্রোজেন’, ‘জৈব জ্বালানি’, ‘গ্রিন শিপিং’ এবং ‘সামুদ্রিক লজিস্টিকস’ খাতে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ‘মোবিলিটি পার্টনারশিপ’ (চলাচল ও অভিবাসন সংক্রান্ত অংশীদারিত্ব) এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গৃহীত নতুন উদ্যোগগুলোকে দুই প্রধানমন্ত্রীই তাঁদের পূর্ণ সমর্থন জানান। এই প্রসঙ্গে, তাঁরা নালন্দা বিশ্ববিদ্যালয় এবং গ্রোনিংগেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির কথা বিশেষভাবে উল্লেখ করেন।
দুই দেশের মধ্যে দীর্ঘকালীন সুদৃঢ় সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী একাদশ শতাব্দীর চোল প্লেট ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সহজতর করার জন্য ডাচ সরকারকে ধন্যবাদ জানান। এ প্রসঙ্গে, দুই নেতা লাইডেন ইউনিভার্সিটি লাইব্রেরি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যকার সহযোগিতাকে স্বাগত জানান; যা এই ঐতিহাসিক পুরাবস্তুগুলো সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।
আনুষ্ঠানিক আলোচনার পর, প্রযুক্তি, সবুজ শক্তি, বাণিজ্য, যাতায়াত ব্যবস্থা, জল ও কৃষি, শিক্ষা এবং সংস্কৃতি – এই ক্ষেত্রগুলোতে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। https://www.mea.gov.in/bilateral-documents.htm?dtl/41160 । এই সফরের উপলক্ষে একটি যৌথ বিবৃতি https://www.mea.gov.in/bilateral-documents.htm?dtl/41162 এবং কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা https://www.mea.gov.in/bilateral-documents.htm?dtl/41161গৃহীত হয়।
প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী জেটেনকে ভারত সফরের আমন্ত্রণ জানান, আর প্রধানমন্ত্রী জেটেন সেই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন।
ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে একটি সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যার ভিত্তি হলো অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী সহযোগিতা। নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর এই সফর উভয় দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 

 

SC/SB/AS