পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (৩ ফেব্রুয়ারি) জম্মু, শ্রীনগর ও লেহ্সফর করবেন।সফর উপলক্ষে তিনি সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করবেন।শ্রীনগরে ডাললেক ঘুরে দেখার কর্মসূচিও রয়েছে তাঁর।
শ্রী মোদী জম্মুর বিজয়পুরে এবং অবন্তীপুরায় নতুন দুটি এইম্স – এর শিলান্যাস উপলক্ষে ফলকের আবরণ উন্মোচন করবেন।প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জম্মুর বিজয়পুর এবং পুলওয়ামার অবন্তীপুরায় দিল্লির এইম্স – এর ধাঁচে নতুন দুটি চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া হয়। এই চিকিৎসা প্রতিষ্ঠানগুলি স্থাপিত হলে সংশ্লিষ্ট অঞ্চলে স্বাস্থ্য পরিচর্যা, চিকিৎসা শিক্ষা তথা প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আসবে।
এর পর, প্রধানমন্ত্রী ফলকের আবরণ উন্মোচনের মাধ্যমে জম্মুতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশনের উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক ক্যাম্পাসের নির্মাণ কাজের শিলান্যাস করবেন।
লাদাখ সফরে গিয়ে শ্রী মোদী লাদাখ বিশ্ববিদ্যালয়ের সূচনা করবেন।উল্লেখ করা যেতে পারে, এটিই প্রথম লাদাখ অঞ্চলের বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে।লাদাখ বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’র আওতায় এই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হয়েছে।নবনির্মিত এই বিশ্ববিদ্যালয়টির অধীনে একাধিক ডিগ্রি কলেজ লেহ্, কারগিল, নুবরা, দ্রাস ও খালাস্তি অঞ্চলে গড়ে উঠবে।লেহ্ও কারগিলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় গড়ে উঠবে।
রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের আওতায় প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে একাধিক প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে – ৫৪টি নতুন আদর্শ ডিগ্রি কলেজ, ১১টি পেশাদার কলেজ এবং ১টি মহিলা বিশ্ববিদ্যালয়।
জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার, কূপওয়াড়া ও বারামুলায় ৩টি আদর্শ ডিগ্রি কলেজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।এছাড়াও, তিনি জম্মু বিশ্ববিদ্যালয়ের শিল্পোদ্যোগ স্থাপন, উদ্ভাবন তথা কর্মসংস্থান সংক্রান্ত হাব বা কেন্দ্রের শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রী কাটুয়ায় ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।এর পর, তিনি কাশ্মীর উপত্যকায় বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে ঘুরে বেড়ান, এমন শ্রমিকদের জন্য একটি সাময়িক বিশ্রামাগারের শিলান্যাস করবেন।সৌভাগ্য প্রকল্পের আওতায় জম্মু ও কাশ্মীর রাজ্যের ১০০ শতাংশ পরিবারে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাওয়ার কথাও তিনি ঘোষণা করবেন।
এরপর, প্রধানমন্ত্রী কিস্তোয়ারে ৬২৪ মেগাওয়াট ক্ষমতাবিশিষ্ট জলবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন।চেনাব নদীতে এই জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে।প্রকল্পের কাজ শেষ হলে, এখান থেকে বার্ষিক ২ হাজার ২৭২ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে।
প্রধানমন্ত্রী দাতং গ্রামের কাছে দাহ্তে ৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন।জম্মু, কাশ্মীর রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এই প্রকল্পটি গড়ে তুলেছে।এর পর, শ্রী মোদী ২২০ কিলোভোল্ট-বিশিষ্ট শ্রীনগর – আলুস্তেং – দ্রাস – কারগিল – লেহ্বিদ্যুৎ সরবরাহ লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।উল্লেখ করা যেতে পারে ২০১৪’র আগস্ট মাসে শ্রী মোদী এই বিদ্যুৎ সরবরাহ লাইন গড়ে তোলার সূচনা করেছিলেন।প্রধানমন্ত্রী এরপর ৪০০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন জলন্ধর – সাম্বা – রাজৌরি – শোপিয়ান – অমরগড় বিদ্যুৎ সরবরাহ লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।এই বিদ্যুৎ সরবরাহ প্রকল্পটি জম্মু ও কাশ্মীরে গ্রিড-বাহিত বিদ্যুৎ যোগাযোগের ক্ষেত্রে উন্নতি ঘটাবে।প্রধানমন্ত্রী সজওয়ালে চেনাব নদীতে ১ হাজার ৬৪০ মিটার দীর্ঘ দুই লাইনবিশিষ্ট সেতুর শিলান্যাস করবেন।এই সেতুটি সজওয়াল ও ইন্দ্রিপাট্টিয়ান অঞ্চলের মানুষের যাতায়াতের বিকল্প মাধ্যম হয়ে উঠবে।এমনকি, এই সেতুর নির্মাণ কাজ শেষ হলে এই সজওয়াল থেকে ইন্দ্রিপাট্টিয়ানের মধ্যে দূরত্ব ৪৭ কিলোমিটার থেকে কমে দাঁড়াবে ৫ কিলোমিটার।
এর পর, প্রধানমন্ত্রী জাতীয় নদী সংরক্ষণ পরিকল্পনার আওতায় দেবিকা ও তাবী নদীতে দূষণ কমানোর লক্ষ্যে একটি প্রকল্পের শিলান্যাস করবেন।প্রকল্পের রূপায়ণ শেষ হলে এই দুই নদীতে দূষণের মাত্রা লক্ষ্যণীয় হারে কমবে এবং সেই সঙ্গে জলের গুণমান বৃদ্ধি পাবে।
লেহ্সফরে গিয়ে শ্রী মোদী সেখানে কৌশক বাকুলা রিনপোচে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের শিলান্যাস করবেন।নতুন এই টার্মিনালটি ১৮ হাজার ৯৮৫ বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে।
এরপর, তিনি লেহ্তে পর্যটন ও ট্রেকিং – এর নতুন সুযোগ-সুবিধার সূচনা করবেন।নতুন এই সুযোগ-সুবিধা গড়ে ওঠার ফলে লাদাখে পর্যটকদের লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।এই অঞ্চলের বহু গ্রামের মানুষের জীবন-জীবিকাতেও গড়ে ওঠা ঐ সুযোগ-সুবিধাগুলির ব্যাপক প্রভাব পড়বে।
প্রধানমন্ত্রী বান্দিপুরায় গ্রামীণ বিপিও-র সূচনা করবেন।এই বিপিও বান্দিপুরা ও আশেপাশের কয়েকটি জেলার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।প্রধানমন্ত্রী এরপর গান্দেরবালের সেফোরা-তে একটি মাল্টি-পার্পাস ইন্ডোর স্পোর্টস্ফেসিলিটির সূচনা করবেন।এই ইন্ডোর স্পোর্টস্ফেসিলিটি গান্দেরবাল জেলার যুবসম্প্রদায়ের কাছে এক মূল্যবান সম্পদ হয়ে উঠবে।
শ্রীনগরে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করবেন।সেখানে তিনি নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদী এর আগে গত বছরের ১৯ মে জম্মু, শ্রীনগর ও লেহ্সফর করেছিলেন।এই সফরকালে তিনি রাজ্যে একাধিক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করেছিলেন।
***
CG/BD/SB