Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর ও লাদাখের ভাই-বোনেদের সাহসিকতা ও ধৈর্য্যের প্রশংসা জানালেন;


 

জম্মু কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ হওয়ার বিষয়টি সংসদীয় গণতন্ত্রে এক ঐতিহাসিক মুহূর্ত  

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলি সংসদে পাশ হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বলেছেন, “আমাদের সংসদীয় গণতন্ত্রে এ এক ঐতিহাসিক মুহূর্ত’।

একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ‘আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ১৩০ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করবো’।

তিনি বলেছেন, ‘আমি জম্মু, কাশ্মীর ও লাদাখে আমার ভাই-বোনেদের সাহসিকতা ও ধৈর্য্যের প্রশংসা জানাই’।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বছরের পর বছর ধরে কায়েমি স্বার্থবাদী কিছু গোষ্ঠী, যাঁরা আবেগ ছড়িয়ে ব্ল্যাকমেলে বিশ্বাস করেন, তাঁরা সাধারণ মানুষের ক্ষমতায়নে গুরুত্বই দেয় না। জম্মু ও কাশ্মীর এখন এদের বেড়াজাল থেকে মুক্ত। এক নতুন ভোর ও আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে’।

শ্রী মোদী বলেছেন, ‘জম্মু, কাশ্মীর ও লাদাখ সম্পর্কিত বিলগুলি অখন্ডতা ও ক্ষমতায়ন সুনিশ্চিত করবে। এই পদক্ষেপগুলি যুবসম্প্রদায়কে মূলস্রোতে ফিরিয়ে আনবে এবং তাঁদের দক্ষতা ও মেধা তুলে ধরার ক্ষেত্রে অসংখ্য সুযোগ-সুবিধা প্রদান করবে। এমনকি, স্থানীয় পরিকাঠামোরও লক্ষ্যণীয় উন্নতি ঘটবে’।

প্রধানমন্ত্রী লাদাখবাসীদের বিশেষভাবে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ লাদাখ’কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার জন্য তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হ’ল। এ এক অত্যন্ত আনন্দের মুহূর্ত। এই সিদ্ধান্তের ফলে সমগ্র অঞ্চলের সার্বিক সমৃদ্ধি আরও গতিময় হবে। সেই সঙ্গে, উন্নয়নমূলক কর্মসূচিগুলির রূপায়ণ আরও সুনিশ্চিত হবে’।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘জম্মু, কাশ্মীর ও লাদাখ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ হয়ে যাওয়ার ফলে মহান নেতা সর্দার প্যাটেল, ডঃ বাবাসাহেব আম্বেদকর এবং ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী, যাঁরা ভারতের ঐক্য ও অখন্ডতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানানো হ’ল’।

প্রধানমন্ত্রী বলেছেন, সংসদে রাজনৈতিক দলগুলি যাবতীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে এবং এক সুচিন্তিত তর্ক-বিতর্ক ও আলোচনায় অংশ নিয়ে আমাদের সংসদীয় গণতন্ত্রের গর্ব আরও বাড়িয়েছে। এজন্য আমি সমস্ত সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও তাঁদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই’।

অপর এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জম্মু, কাশ্মীর ও লাদাখের মানুষ এই ভেবে গর্ববোধ করবেন যে, সাংসদরা যাবতীয় মতাদর্শগত বিরোধের ঊর্ধ্বে উঠে এই অঞ্চলগুলির ভবিষ্যৎ তথা শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাংসদদের অকুন্ঠ সমর্থন রাজ্যসভায় পক্ষে ১২৫, বিপক্ষে ৬১ এবং লোকসভায় পক্ষে ৩৭০ ও বিপক্ষে ৭১টি ভোটের ফলাফলের মাধ্যমে স্পষ্ট প্রতিফলিত হয়েছে’।

শ্রী মোদী আরও বলেছেন, ‘ভারতের উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কোটাজী যেভাবে সংসদের উভয় কক্ষই সুচারু রূপে পরিচালনা করেছেন, সেজন্য সমগ্র দেশবাসীর পক্ষ থেকে প্রশংসাপ্রাপ্য’।

প্রধানমন্ত্রী বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্‌-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্‌জী জম্মু, কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাপনের মানোন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন। সংসদে এই বিলগুলি পাশ হওয়ার মধ্য দিয়ে তাঁর অঙ্গীকার ও পরিশ্রম স্পষ্ট প্রতিফলিত হয়েছে। আমি এজন্য অমিত ভাইকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই’।

 

 

CG/BD/SB