পিএমইন্ডিয়া
মাননীয় প্রেসিডেন্ট জোহান স্নেইডার-আম্মান,
বন্ধুগণ,
মাননীয় প্রেসিডেন্ট, আন্তরিক ঘোষণা এবং সাদর অভ্যর্থনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জেনেভার মতো প্রকৃত অর্থেই এক আন্তর্জাতিক শহরে আপনাদের সঙ্গে মিলিত হওয়া নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তের গুরুত্বই বহন করে। শুধুমাত্র আন্তর্জাতিক নয়, এই শহরের রয়েছে একটি মানবাত্মাও। সর্বোপরি এই শহর হল ‘রেড ক্রস’-এর ভিত্তিভূমি। তাছাড়াও, মানবসেবায় নিয়োজিত বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সদর দপ্তরও অবস্থিত এই শহরটিতে।
বন্ধুগণ,
ভারত ও স্যুইজারল্যান্ড – দুটি দেশই বিশ্বে শান্তি, সমঝোতা এবং মানবতাবাদের মূল্যের প্রবক্তা। গত সাত দশক ধরে আমাদের মৈত্রী সম্পর্ক উত্তরোত্তর এক নতুন উচ্চতায় আরোহণ করেছে। আজ আমি এবং প্রেসিডেন্ট আমাদের বহুধাবিস্তৃত দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেছি। স্যুইজারল্যান্ডের সিইও-দের সঙ্গেও বিস্তারিত আলাপ-আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে মিলিত হয়েছি আমরা।
বন্ধুগণ,
আমাদের এই দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট শক্তিশালী ও প্রাণচঞ্চল। স্যুইস সংস্থাগুলির নাম আজ পরিচিত ভারতের প্রতিটি পরিবারে। আমাদের দু’দেশের সমাজ ব্যবস্থার মধ্যে নিহিত রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি তথা দক্ষতা বিকাশের বিভিন্ন সহযোগিতা সূত্র। ইএফটিএ-র সঙ্গে এফটিএ প্রসঙ্গে কথাবার্তা আবার শুরু করতে ভারত যে প্রস্তুত সে কথাও আমরা ঘোষণা করেছি। স্যুইস সংস্থাগুলির শক্তির বিষয়টি আমাদের কাছে অজানা নয়। একইসঙ্গে, ভারতও কিন্তু এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বর্তমান বিশ্বে আমরা দ্রুততম গতিতে বৃদ্ধি পাওয়া এক বিশেষ অর্থনীতি। কিন্তু শুধুমাত্র তাই যথেষ্ট নয়। স্মার্ট ও নিরন্তর উন্নয়নের মধ্য দিয়ে গড়ে ওঠা শহর, বলিষ্ঠ কৃষিক্ষেত্র, শক্তিশালী নির্মাণ ও উৎপাদন শিল্প তথা সচল ও গতিশীল পরিষেবা সম্ভব করে তোলার মাধ্যমে ভারতীয় অর্থনীতির প্রসার ও উন্নয়নে আমি আগ্রহী। ভারতের উন্নয়নের এই চালিকাশক্তি গড়ে তুলবে বিশ্বমানের রেল, সড়ক, বিমানবন্দর এবং ডিজিটাল সংযোগের এক সুবিস্তৃত নেটওয়ার্ক। এখানে গড়ে উঠবে সকলের জন্য বাসস্থান, বাস্তবায়িত হয়ে উঠবে প্রতিটি পরিবারেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। ভারতের ৫০ কোটিরও বেশি কর্মদক্ষ যুবশক্তি আজ বিশ্বের শ্রমশক্তির চাহিদা পূরণে সক্ষম। ভারতের চাহিদা ও প্রয়োজনের উপযোগী স্যুইস শিক্ষা ও বৃত্তিগত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছি স্যুইস প্রেসিডেন্ট এবং আমি দু’জনেই। গতকাল আমরা পালন করেছি বিশ্ব পরিবেশ দিবস। এর উদ্দেশ্য অনুসরণে এবং ভারতের সভ্যতা ও ঐতিহ্য অনুসারে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ ভারত আমাদের এই গ্রহ এবং সেইসঙ্গে তার পরিবেশের সঙ্গেও মৈত্রীপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। জীবাশ্ম জ্বালানি নয়, বরং পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ওপর আস্থা ও নির্ভরশীলতাই আমাদের মূল নীতি ও চালিকাশক্তির বিশেষ এক অঙ্গ।
বন্ধুগণ,
উন্নয়নের লক্ষ্যে ভারতের চাহিদা এবং স্যুইজারল্যান্ডের শক্তি ও ক্ষমতার মধ্যে এক পূর্ণ সংযোগের সম্ভাবনা আমরা লক্ষ্য করেছি। এই কারণে ভারতের অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার সুযোগ গ্রহণের জন্য আমি আমন্ত্রণ জানাই স্যুইস সংস্থাগুলিকে। এর ফলশ্রুতিতে ১২৫ কোটি নাগরিকদের এক দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সুফল ভোগ করবে সমগ্র বিশ্ব।
বন্ধুগণ,
বর্তমান বিশ্বের বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলির সংস্কারসাধনে অঙ্গীকারবদ্ধ ভারত ও স্যুইজারল্যান্ড। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে অন্তর্ভুক্তির বিষয়ে আমরা একে অপরের প্রচেষ্টার সমর্থক ও সহযোগী। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি অনুভব করে তাকে সমর্থন জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই স্যুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে। ‘কালো টাকা’ ও কর ফাঁকিরপ্রবণতা বন্ধ করার বিষয়টিতে দুটি দেশই বিশেষ অগ্রাধিকার দিয়েছে। কর ফাঁকির ঘটনায় অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে প্রয়োজনীয় তথ্য বিনিময়ের কাজটি দ্রুততার সঙ্গে সেরে ফেলা প্রসঙ্গেও আমরা মতবিনিময় করেছি। তথ্যের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিনিময়ে বোঝাপড়ার কাজ দ্রুত শুরু করার ওপর আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি।
বন্ধুগণ,
আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল দু’দেশের জনসাধারণের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। ভারতীয় চলচ্চিত্র শিল্পের সৌজন্যে স্যুইজারল্যান্ডের প্রকৃতির অনুপম সৌন্দর্যের সঙ্গে আমরা পরিচিত। কিন্তু সেইসঙ্গে স্যুইস পর্যটকদের আরও বেশি সংখ্যায় ভারতে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষা করছি। এই লক্ষ্যে এ বছরের শুরুতেই স্যুইস নাগরিকদের জন্য আমরা চালু করেছি বৈদ্যুতিন পর্যটক ভিসা সংক্রান্ত সুযোগ-সুবিধা।
বন্ধুগণ,
আমাদের দু’দেশের সম্পর্কের সাফল্যের ঘটনা ও কাহিনী রয়েছে প্রচুর। টেনিস জগতে বিখ্যাত স্যুইস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিসের সঙ্গে ভারতের সানিয়া মির্জা এবং লিয়েন্ডার পেজের অংশীদারিত্ব গ্র্যান্ড স্ল্যাম্স-এর এক উল্লেখযোগ্য ঘটনা। আমাদের সাধারণ অঙ্গীকার ও মূল্যবোধ, দু’দেশের নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক আমাদের দু’দেশের সম্পর্ককে যে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এ ব্যাপারে আমি আশাবাদী। জেনেভায় আমাকে আমন্ত্রণ ও আতিথেয়তার জন্য মাননীয় প্রেসিডেন্ট আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে।
ধন্যবাদ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
PG/SKD/DM/