Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ৬ই মার্চ ২০১৯এ কর্ণাটকের কালবুর্গি এবং তামিলনাড়ুর কাঞ্চিপুরম সফর করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল কর্ণাটকের কালবুর্গি এবং তামিলনাড়ুর কাঞ্চিপুরম সফর করবেন। তিনি দুটি জায়গায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন।

কালবুর্গি কর্ণাটক

কালবুর্গিতে কর্ণাটকের জনগণের সুবিধার্থে প্রধানমন্ত্রী শক্তি, স্বাস্হ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন।

এরমধ্যে রয়েছে :

স্বাস্হ্য ক্ষেত্র

কর্ণাটকের স্বাস্হ্য পরিষেবার আরও উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বেঙ্গালুরুর ইএসআইসি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ উৎসর্গ করবেন। তিনি হুব্বাল্লির কেআইএমএস-এর সুপার স্পেশালিটি ব্লকের-ও উদ্বোধন করবেন।

শক্তি ক্ষেত্র

শ্রী মোদী বিপিসিএল-এর ডিপো রাইচুর থেকে কালবুর্গিতে স্হানান্তরিত করার জন্য শিলান্যাস করবেন।

এছাড়াও তিনি বেঙ্গালুরুর ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনাল টার্মিনাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

তিনি বেঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের উত্তরপূর্ব ভারতের পড়ুয়াদের জন্য উইমেন্স হস্টেলেরও উদ্বোধন করবেন।

এই প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকারের ‘ইজ অফ লিভিং’ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে।

প্রধানমন্ত্রী কালবুর্গিতে আয়ুষ্মান ভারতের সুবিধাপ্রাপকদের সঙ্গেও মতবিনিময় করবেন।

কাঞ্চিপুরম, তামিলনাড়ু

তামিলনাড়ুর কাঞ্চিপুরমে প্রধানমন্ত্রী সড়ক, রেল এবং শক্তি ক্ষেত্রে একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পগুলি রাজ্যের সড়ক এবং রেল পরিবহন পরিকাঠামোকে উন্নত করবে। এরফলে তামিলনাড়ুর জনগণ উন্নত, দ্রুত এবং সস্তার পরিবহনের সুযোগ পাবেন।

এরমধ্যে রয়েছে :

সড়ক পরিবহন

তামিলনাড়ুর মহাসড়ক পরিকাঠামোর আরও উন্নতির লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতীয় সড়ক ৪৫ সি-র বিক্রাবন্দি- শেঠিয়াঠাপু শাখা, শেঠিয়াঠাপু- চোলোপুরম শাখা এবং চোলোপুরম- থান্জাভুরম শাখায় চার লেনের সড়কের শিলান্যাস করবেন।

তিনি জাতীয় সড়ক ৪-এর কারাইপট্টি-ওলাজাপেট শাখার ৬ লেনের সড়কেরও শিলান্যাস করবেন।

জাতীয় সড়ক ২৩৪কে মজবুত করার জন্য ক্যারেজওয়ে এবং কালভার্টগুলিকে চওড়া করার জন্য প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন। তিনি জাতীয় সড়ক ৩৮১-র অবিনাশী-তিরুপুর-অবিনাশীপালায়াম শাখার ৪ লেন এবং ক্যারেজওয়েকে মজবুত করার প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

রেল পরিবহন

প্রধানমন্ত্রী ইরোড-কারুর-তিরুচিরাপল্লী এবং সালেম-কারুর-ডিঙ্গিগুল শাখার বৈদ্যুতিকরণ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই বৈদ্যুতিকরণের ফলে গ্রীন হাউস গ্যাস নির্গমন হ্রাস পাবে এবং যাত্রী ও পণ্য পরিবহনের সময় কমে যাবে।

শক্তি ক্ষেত্র

প্রধানমন্ত্রী এন্নোরের এলএনজি টার্মিনালটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

৫ এমএমটিপিএ ক্ষমতাসম্পন্ন এন্নোর এলএনজি টার্মিনালটি তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির এলএনজি গ্যাসের চাহিদা পূরণ করবে। এছাড়াও প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেন্নাই-এর ডঃ এমজিআর জানকি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স ফর উইমেন্স-এ ডঃ এমজি রামাচন্দ্রনের মূর্তির আবরণ উন্মোচন করবেন।

ডঃ এমজি রামাচন্দ্রন ছিলেন একজন অভিনেতা এবং রাজনীতিবিদ। যিনি ১৯৭৭ থেকে ১৯৮৭ দশ বছরের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁকে ভারতরত্নে সম্মানিত করা হয়।

প্রধানমন্ত্রী কাঞ্চিপুরমে আয়ুষ্মান ভারতের সুবিধাপ্রাপকদের সঙ্গেও মতবিনিময় করবেন।

*****

CG/CB/NS/…