পিএমইন্ডিয়া
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ব্রিক্স রাষ্ট্রগুলির সঙ্গে মউ স্বাক্ষরের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে নেতৃত্ব দেন শ্রী মোদী স্বয়ং।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে এ সম্পর্কিত একটি মউ স্বাক্ষরিত হয় ব্রাজিলের ব্রাসিলিয়ায় গত বছর মার্চ মাসে। ব্রিক্স-এর তৃতীয় আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের বৈঠক চলাকালীন এই মউটি স্বাক্ষরিত হয়। ব্রিক্স রাষ্ট্রগুলির মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত সহযোগিতা প্রসারের উল্লেখ রয়েছে সম্পাদিত মউটিতে। মউ স্বাক্ষরের মূল লক্ষ্য হল ব্রিক্স রাষ্ট্রগুলির বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক তথা আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থ-সামাজিক সাধারণ চ্যালেঞ্জগুলির কার্যকর মোকাবিলা করা। এই সহযোগিতা প্রসারের মাধ্যমে একদিকে যেমন নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা আহরণ করা যাবে, অন্যদিকে তেমনই উদ্ভাবন, পরিষেবা ও পন্থা-পদ্ধতি স্থির করার বিষয়টিও নানাভাবে উৎসাহিত হবে।
উল্লেখ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে মউ স্বাক্ষরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের দায়িত্ব হল ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সহ বিভিন্ন সদস্য রাষ্ট্রের সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের।
PG/SKD/DM