Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিকে ব্যয়সাশ্রয়ী করে তোলার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমিয়ে আনতে দেশে উৎপাদিত কয়লার ব্যবহারের বিষয়টিকে আরও নমনীয় করে তোলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে এক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবের লক্ষ্য ও উদ্দেশ্য হল – দক্ষ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির উৎপাদনকে ব্যয়সাশ্রয়ী করে তোলা এবং রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির বিদ্যুৎ কেনার খরচ কমিয়ে আনা। সরকারিভাবে এই নমনীয় দৃষ্টিভঙ্গীর ফলে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সাজসরঞ্জাম ও যন্ত্রপাতির দক্ষ ও কার্যকর ব্যবহার এবং পরিবহণ সংক্রান্ত ব্যয় হ্রাস সম্ভব হয়ে উঠবে।

এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় সরকারের ‘উদয়’ কর্মসূচিটির সঙ্গে এই প্রস্তাবটি বিশেষভাবে সম্পর্কিত। এই কর্মসূচির মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য হল, অদক্ষ উৎপাদন কেন্দ্রগুলি থেকে দক্ষ উৎপাদন কেন্দ্রে কয়লা স্থানান্তর এবং কয়লা খনি থেকে অনেক দূরে অবস্থিত বিদ্যুৎ প্রকল্পগুলি থেকে খনির কাছাকাছি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলিতে বেশি মাত্রায় কয়লার যোগান দেওয়া। এই ব্যবস্থায় কয়লার পরিবহণ ব্যয়ও অনেকটা কমিয়ে আনা সম্ভব।

রাজ্য কিংবা কেন্দ্রীয় বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলিতে কয়লা ব্যবহার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে প্রকল্পগুলির দক্ষতা ও কার্যকারিতা, প্রকল্পের পরিবহণ ব্যয়, বিদ্যুৎ সংবহনের খরচ-খরচা এবং বিদ্যুৎ উৎপাদনের মোট ব্যয় ইত্যাদি বিবেচনা করে।

বলা বাহুল্য, দেশে বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস হল কয়লা। ভারতে কয়লা-ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পগুলিকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায় – কয়লা খনিগুলির নিকটবর্তী অঞ্চলে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের খুব কাছাকাছি অঞ্চলে অবস্থিত বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প।

PG/SKD/SB/S