পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সামাজিক ও শ্রমক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রটিতে (মউ) কর্মপরবর্তী অনুমোদন মিলেছে। গত তেসরা আগস্ট ব্রিক্স দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়।
সমঝোতাপত্র অনুযায়ী, ভারত সহ অন্যান্য ব্রিক্সভুক্ত দেশগুলি শ্রম আইন ও এই সংক্রান্ত আইন বলবৎ; শ্রমিক অধিকার সুরক্ষা; কর্মসংস্থান ও শ্রম বাজার নীতি পেশাদারী শিক্ষা, দক্ষতা, প্রশিক্ষণ তথা সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও কর্মসূচি আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। সামাজিক সুরক্ষা ও শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য সদস্য দেশগুলি ব্রিক্স নেটওয়ার্ক অফ লেবার রিসার্চ ইনস্টিটিউট এবং ব্রিক্স সামাজিক সুরক্ষা সহযোগিতা ফ্রেমওয়ার্কের সুবিধা গ্রহণ করতে পারে। এই সমঝোতাপত্রটি কোনও আন্তর্জাতিক চুক্তি নয়। এমনকি, আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত রাষ্ট্র বা সংগঠনগুলির জন্যও কোন আইনি অধিকার ও বাধ্যবাধকতা তৈরি করতে পারে না।
সার্বিক বিকাশ এবং নতুন শিল্প বিপ্লবের এই যুগে সমান সমৃদ্ধির এক অভিন্ন উদ্দেশ্য নিয়ে ব্রিক্স সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা, সমন্বয় ও সর্বাধিক সাযুজ্য বজায় রাখার ক্ষেত্রে এই সমঝোতাপত্র একটি ব্যবস্থা গড়ে তুলবে। ব্রিক্স দেশগুলির মধ্যে জ্ঞান আদান-প্রদানের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও সামাজিক আলাপ-আলোচনার মতো বিষয়ে যৌথ কর্মসূচি রূপায়ণেও সমঝোতাপত্রটি সাহায্য করবে। এছাড়াও, আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে ব্রিক্স নেটওয়ার্ক অফ লেবার ইনস্টিটিউটের যোগসূত্র গড়ে তোলার বিষয়টিও এই সমঝোতাপত্রের মাধ্যমে সুনিশ্চিত হবে। এর ফলে, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন নতুন পন্থা খুঁজে বের করা সম্ভব হবে।
CG/BD/DM/