Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভাইব্র্যান্ট গুজরাট শীর্ষ সম্মেলন, ২০১৯-এ যোগ দিতে ভারত সফরে ডেনমার্কের প্রধানমন্ত্রী


ডেনমার্কের প্রধানমন্ত্রী মিঃ লার্স লোক্কে রাসমুসেন ১৮ ও ১৯শে জানুয়ারি ‘ভাইব্র্যান্ট গুজরাট’ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন, ২০১৯-এ যোগ দিতে ভারত সফর করছেন। এই অনুষ্ঠানে ডেনমার্ক অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করছে। প্রধানমন্ত্রী রাসমুসেনের সঙ্গে ডেনমার্কের প্রধান প্রধান সংস্থাগুলির সিইও সহ সে দেশের এক বাণিজ্যিক প্রতিনিধিদল ভারত সফরে আসছেন।

গান্ধীনগরে ‘ভাইব্র্যান্ট গুজরাট’ সম্মেলনের ফাঁকে ১৮ই জানুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও ডেনমার্কের প্রধানমন্ত্রী রাসমুসেন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন। ইতিপূর্বে স্টকহোমে ২০১৮-র এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রথম ইন্ডিয়া-নরডিক শিখর সম্মেলনে দু’দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছিলেন।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলাপচারিতায় মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে বলে দুই প্রধানমন্ত্রীই উল্লেখ করেন।

ভারতের পক্ষে উপযোগী এমন নানা ধরণের প্রযুক্তির ক্ষেত্রে ডেনমার্ক বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে। ডেনমার্কের দক্ষতা রয়েছে, ভারতের রয়েছে বৃহৎ বাজার এবং সারা বিশ্বের রয়েছে নতুন প্রযুক্তির চাহিদা বলে উল্লেখ করে শ্রী মোদী ভারত ও ডেনমার্ককে একটি গবেষণা মঞ্চ গড়ে তুলতে উৎসাহ যোগান, যেখানে সারা বিশ্বের উদ্বেগের বিভিন্ন বিষয় যেমন – খাদ্য নিরাপত্তা, জল নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়নের সমাধানসূত্র পাওয়া যাবে।

বৈঠক চলাকালীন ভারতের জাহাজ মন্ত্রক ও ডেনমার্কের শিল্প, বাণিজ্য ও আর্থিক বিষয় সংক্রান্ত মন্ত্রকের মধ্যে নৌ-সংক্রান্ত নানা বিষয় এবং ইম্যাজিন পানাজি স্মার্ট-সিটি ডেভেলপমেন্ট লিমিটেড ও নতুন দিল্লিস্থিত ডেনমার্কের দূতাবাসের মধ্যে গোয়ার পানাজিতে আর্বান লিভিং ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে দুটি সমঝোতাপত্র বিনিময় করা হয়।

ভারতে প্রায় ১৩০টি ডেনমার্কের সংস্থা জাহাজ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো বিষয়ে বিনিয়োগ করেছে এবং অন্যান্য ক্ষেত্রেও যেমন, স্মার্ট নগরোন্নয়ন ও বর্জ্য-থেকে-শক্তি উৎপাদনের মতো ক্ষেত্রেও তারা যুক্ত হতে আগ্রহী। গুজরাটেও জাহাজ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে একাধিক বড় বড় ডেনমার্কের সংস্থা কাজ করছে।

সফরকালে প্রধানমন্ত্রী রাসমুসেন ১৯শে জানুয়ারি নতুন দিল্লিতে ড্যানিশ সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ডেনমার্কের দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করবেন। তিনি আগ্রাও পরিদর্শন করবেন।

CG/SC/DM/