Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতীয় খাদ্য নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যপেনশন ও চিকিৎসা কর্মসূচি : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারতীয় খাদ্য নিগমের (এফসিআই) কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধার প্রসারে পেনশন এবং অবসরোত্তর চিকিৎসা প্রকল্প চালু করার প্রস্তাবটি বুধবার গৃহীত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা দপ্তরের তৈরি প্রস্তাবের রূপরেখা অনুসারে বিষয়টিতে অনুমোদনদানের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। কর্মীদের বর্তমান বেতন হার অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও চিকিৎসা বাবদ বছরে ব্যয় হবে ১৩৪ কোটি ৪০ লক্ষ টাকার মতো।

এফসিআই-এর কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধাদান কর্মসূচির আওতায় ১ ডিসেম্বর, ২০০৮ তারিখে কর্মরত কিংবা তার পরে নিযুক্ত সকল স্তরের কর্মীকেই এই নতুন পেনশন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তবে, অবসর গ্রহণের আগে পর্যন্ত তাঁদের অনন্ত পক্ষে ১৫ বছর ধরে কর্মরত থাকা চাই। এই কর্মসূচি চালু হবে ১ ডিসেম্বর, ২০০৮ থেকে। পেনশন প্রকল্পের আওতায় অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সহ মৃত্যু-পরবর্তী পারিবারিক পেনশনও চালু থাকবে।

অন্যদিকে, অবসরপ্রাপ্ত এফসিআই কর্মীরা চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্য কর্মসূচির সুযোগ-সুবিধাও ভোগ করবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়এবং চতুর্থ পর্যায়ের সকল কর্মীকেই নিয়ে আসা হবে এই চিকিৎসা কর্মসূচির আওতায়।

প্রসঙ্গত উল্লেখ্য, খাদ্য নিগম আইন, ১৯৬৪ অনুসারে ভারতীয় খাদ্য নিগমের প্রতিষ্ঠা ১৯৬৫ সালে। দেশে খাদ্যশস্যের সংগ্রহ, মজুত,বন্টন এবং খাদ্যশস্য সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিপণনের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটির সূচনা। দেশে খাদ্য নিরাপত্তার লক্ষ্য পূরণে বহু বছর ধরেই কাজ করে আসছে ভারতীয়খাদ্য নিগম বা এফসিআই। এটি বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার ‘ এ ’ তালিকাভুক্ত একটি বিশেষ প্রতিষ্ঠান।

PG/SKD/DM