পিএমইন্ডিয়া
ভারত ও ইতালির মধ্যে শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে প্রশিক্ষণ ও শিক্ষার জন্য সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৮ই নভেম্বর) বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
কাজের দুনিয়ায় গুণগত মানের কাজের জন্য প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচি সম্প্রসারণের প্রসারে এই সমঝোতাপত্র স্বাক্ষর সহায়ক হবে। একইসঙ্গে, প্রশিক্ষণের পন্থা-পদ্ধতির জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, সামাজিক ক্ষেত্রের অংশীদারদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি রচনা, শ্রম এবং কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন-ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন তথা প্রশিক্ষণ কর্মসূচির ক্ষেত্রে শ্রেষ্ঠ পন্থাপদ্ধতি বিনিময় বিশেষ করে, শ্রম প্রশাসন, প্রশিক্ষণ পদ্ধতি বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং সমীক্ষামূলক ভ্রমণের ব্যবস্থাও এই সমঝোতাপত্রের ফলে সম্ভব হয়ে উঠবে।
কাজের দুনিয়ায় ক্রমাগত যে পরিবর্তন আসছে তার মোকাবিলায় উভয় দেশের শ্রম সংক্রান্ত প্রতিষ্ঠানগুলির কারিগরি মানোন্নয়ন তথা দক্ষতা বৃদ্ধিতে এই মউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের ভি.ভি. গিরি ন্যাশনাল লেবার ইনস্টিটিউটকে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন তথা নতুন ধরণের কর্মসূচি রচনায় কারিগরি দক্ষতা বৃদ্ধিতে এই মউটি সাহায্য করবে। উল্লেখ করা যেতে পারে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রশিক্ষণ সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভারতের এই প্রতিষ্ঠানটি এক অগ্রণী সংস্থা। এছাড়াও, সমগ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে বিভিন্ন সামাজিক অংশীদারদের অংশগ্রহণও এই মউ স্বাক্ষরের ফলে বাড়বে বলে আশা করা হচ্ছে।
CG/BD/DM/…